কুরআনের তাফসীর / দারস · সূরা আদ-দুহা: আয়াত ১–১১
সূরা আদ-দুহা নোট
জীবনের কঠিন সময়ে আল্লাহর সান্ত্বনা — সূরা আদ-দুহার ১১টি আয়াতের আয়াত ধরে ধরে আলোচনা, আর আগের ও পরের সূরার সাথে এর সম্পর্ক।
📑 সূচিপত্র (১৬)
- ভূমিকা
- ১ম আয়াত: আল্লাহ কেন সকালের আলোর শপথ করলেন?
- ২য় আয়াত: রাতের নীরবতার মধ্যেও কি আল্লাহর হিকমাহ রয়েছে?
- ৩য় আয়াত: আল্লাহ কি তাঁর প্রিয় নবীকে ছেড়ে দিয়েছেন?
- ৪র্থ আয়াত: সামনে যা অপেক্ষা করছে, তা কত বেশি সুন্দর!
- ৫ম আয়াত: আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন!
- ৬ষ্ঠ আয়াত: আপনি যখন এতিম ছিলেন, তখন কে আশ্রয় দিয়েছিলেন?
- ৭ম আয়াত: আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি হিদায়াত নয়?
- ৮ম আয়াত: অভাবের সময় কে আমার প্রয়োজন পূরণ করেছিলেন?
- ৯ম আয়াত: আপনি আশ্রয় পেয়েছেন, তাই এতিমকে কষ্ট দেবেন না!
- ১০ম আয়াত: কেউ সাহায্য চাইলে তাকে ধমক দেবেন না!
- ১১তম আয়াত: আল্লাহর নিয়ামতের কথা বলতে ভুলে যাচ্ছি না তো?
- আগের ও পরের সূরার সঙ্গে সূরা আদ-দুহার সম্পর্ক
- এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
ভূমিকা
কখনো কি এমন হয়েছে, জীবনের ভীষণ কোন কঠিন সময়ে আপনার মনে হয়েছে, আচ্ছা কেউ কি নেই আমার জন্য? আল্লাহ আমার কথা শুনছেন তো? আমার দোয়ার উত্তরগুলো আসতে এত দেরি হচ্ছে কেন? আমার রব, আল্লাহ কি কোন কারণে আমার ওপর অসন্তুষ্ট? এজন্যেই কি সব উল্টা-পাল্টা হচ্ছে?
হয় না যে, মাঝে মাঝেই আমাদের অনেক অধৈর্য লাগে?
ডিপ্রেশন লাগে? দুনিয়ার পরীক্ষা দিতে দিতে হয়রান লাগে?
আজকে আমরা এমনই একটি অসাধারণ সূরা পড়ব, যেখানে আপনার এই পরিস্থিতিগুলোর সমাধান আছে, আলহামদুলিল্লাহ!
এই সূরায় আল্লাহ তাঁর প্রিয় রাসূল ﷺ-কে অত্যন্ত প্রশান্তির ভাষায় সান্ত্বনা দিয়েছেন। এবং এই প্রক্রিয়ায় আল্লাহ আমাদেরকেও অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন। এই সূরাটির নাম আদ-দুহা, অর্থ সকালের উজ্জ্বল আলো। এটি কুরআনের ৯৩তম সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াতসংখ্যা মাত্র ১১টি।
সহিহ বুখারিতে এসেছে, একসময় রাসূলুল্লাহ ﷺ-এর কাছে জিবরীল (আ.)-এর আগমনে বিলম্ব হয়েছিল। তখন এক নারী তাঁকে কটাক্ষ করে বলেছিল যে, তাঁর সঙ্গী তাঁকে ছেড়ে দিয়ে চলে গেছেন। তখন রসূল(সা) এর এমনিতেও অনেক কষ্টে জর্জরিত সময় চলছিল। এর জবাবেই আল্লাহ সূরা আদ-দুহার প্রথম আয়াতগুলো নাজিল করেন।
(সহিহ বুখারি, হাদিস ৪৯৫১)
কিন্তু খেয়াল করুন, আল্লাহ সরাসরি প্রথমেই সান্ত্বনা দেন নি, প্রথম আয়াতেই কিন্তু ‘আমি আপনাকে ছেড়ে যাইনি’ বলে সূরা শুরু করলেন না। বরং প্রথমে তিনি সকালের উজ্জ্বল আলোর শপথ করলেন। এরপর শান্ত রাতের কথা বললেন। তারপর দিলেন সান্ত্বনা, ভবিষ্যতের সুসংবাদ, অতীতের নিয়ামতের স্মরণ এবং সবশেষে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং আমল।
কেন এই অসাধারণ বিন্যাস? সকালের আলো, রাতের নীরবতা, এতিমের প্রতি ভালোবাসা আর আল্লাহর নিয়ামতের আলোচনা— এগুলো সবকিছু কীভাবে এক সুতোয় গাঁথা?
আসুন, আয়াত ধরে ধরে বুঝে নিই! বিসমিল্লাহ …
১ম আয়াত: আল্লাহ কেন সকালের আলোর শপথ করলেন?
وَالضُّحَىٰ
অর্থ: শপথ পূর্বাহ্নের উজ্জ্বল আলোর। (সূরা আদ-দুহা, ৯৩:১)
আল্লাহ সূরাটি শুরু করলেন সকালের আলোর শপথ দিয়ে। ‘দুহা’ হলো দিনের সেই সময়, যখন সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ে।
কিন্তু কেন এই আলোর শপথ?
একটু ভাবুন, দীর্ঘ রাতের পর যখন সকালের আলো ছড়িয়ে পড়ে, চারপাশের দৃশ্যটাই বদলে যায়। অন্ধকার আর আলো – এই দুটিই আল্লাহর সৃষ্টি, দুটিই তাঁর নিয়ন্ত্রণে।
এখানে সকালের আলো আমাদের মনে আশার অনুভূতি জাগায়। আমাদের মনে করিয়ে দেয় সকল অন্ধকার শেষেই আলো আসে। এটি আয়াতের একটি ভাবনামূলক শিক্ষা; তাফসিরে মূল বক্তব্য হলো, আল্লাহ দিনের উজ্জ্বল সময়ের শপথ করেছেন। শপথের মাধ্যমে আল্লাহ বান্দাদের দৃষ্টি আকর্ষণ করছেন!
আমাদের নিজের জীবনের জন্যও এখানে একটি সুন্দর ভাবনার জায়গা রয়েছে। প্রতিদিন সকালের আলো দেখে আমরা কি একবার ভাবতে পারি না, যে রব প্রতিদিন এত সুন্দর করে সকাল ফিরিয়ে আনেন, তিনি তো আমার জীবনের অন্ধকার কাটিয়েও আলো নিয়ে আসতে পারেন! আমার দুঃখ, আমার অপেক্ষা, আমার না-বলা কথাগুলো কোনটাই তাঁর অজানা নয়। তাই হতাশার মধ্যে আটকে না থেকে আজ আবার নতুন করে তাঁর কাছে সাহায্য চাইতেই পারি।
কিন্তু আল্লাহ শুধু আলোর শপথ করেই থামলেন না,
বরং এরপর আমাদের সামনে আনলেন ঠিক বিপরীত একটি দৃশ্য!
২য় আয়াত: রাতের নীরবতার মধ্যেও কি আল্লাহর হিকমাহ রয়েছে?
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
অর্থ: আর শপথ রাতের, যখন তা নিস্তব্ধ হয়ে যায়। (সূরা আদ-দুহা, ৯৩:২)
প্রথমে উজ্জ্বল সকাল, এবার শান্ত রাত!
‘সাজা’ শব্দটি রাতের স্থিরতা, নিস্তব্ধতা ও অন্ধকারে আচ্ছন্ন হওয়ার অর্থ প্রকাশ করে।
এখানে আল্লাহ দিনের উজ্জ্বলতা ও রাতের নিস্তব্ধতা— এই দুটি ভিন্ন অবস্থার শপথ করলেন।
কী সুন্দর একটি ভাবনার জায়গা দেখুন!
আমাদের জীবনে কখনো আনন্দের আলো আসে, কখনো আবার অপেক্ষা আর অনিশ্চয়তা আসে, কখনো কষ্টে জড়ানো অন্ধকার আসে। জীবনের পরিস্থিতি বদলায় কিন্তু এর অর্থ এই নয় যে, আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কিছু ঘটে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, আলো হোক, অন্ধকার হোক – সবই তো আল্লাহর আওতাধীন।
তাই জীবনের কোনো কঠিন সময়ে যদি সবকিছু অন্ধকার মনে হয়, যদি মনে হয় সামনের পথটুকুও দেখতে পাচ্ছি না, তখনও আমরা আল্লাহর ওপর ভরসা রাখতে পারি। সব প্রশ্নের উত্তর এখনই জানা কিন্তু জরুরি নয়। আমার কাজ হলো, এই অন্ধকার সময়েও সালাত, দোয়া আর ধৈর্যের মাধ্যমে আমার রবের সঙ্গে সম্পর্কটা ধরে রাখা। এই তো ব্যস এতটুকুই।
এখন প্রশ্ন হলো, সকাল ও রাতের এই শপথের পর আল্লাহ আমাদের কী বলছেন ?
পরের আয়াতেই দিচ্ছেন সেই প্রশান্তির প্রলেপ …
৩য় আয়াত: আল্লাহ কি তাঁর প্রিয় নবীকে ছেড়ে দিয়েছেন?
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
অর্থ: আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। (সূরা আদ-দুহা, ৯৩:৩)
আল্লাহু আকবার! কী দারুণ একটি সান্ত্বনা!
যে রাসূল ﷺ-কে ওহি আসতে বিলম্ব হওয়ায় শত্রুরা কটাক্ষ করছিল, তাঁকেই আল্লাহ আশ্বস্ত করছেন যে, আপনার রব আপনাকে ছেড়ে যাননি। তিনি আপনার প্রতি বিরূপও হননি।
খেয়াল করুন, আল্লাহ এখানে ‘আপনার রব’ বলেছেন। মানে যখন আমরা বলি 'আমার বোন' কত আপন লাগে না শুনতে? তেমনি আল্লাহ 'আমার রব'! আমার রব তিনি কত আপন, তিনি আমাকে ছাড়বেন না! তিনি তো সেই রব, যিনি আপনাকে লালনপালন করেছেন, আপনার দায়িত্ব নিয়েছেন, সেই রব আল্লাহ, তিনি আপনাকে পরিত্যাগ করেননি।
তাফসির আস-সা'দীতে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর পক্ষ থেকে রাসূল ﷺ-এর প্রতি অব্যাহত যত্ন ও ভালোবাসার কথা এসেছে।
আয়াতটির সরাসরি সম্বোধন আমাদের প্রিয় নবী ﷺ-কে।
এটি তাঁর প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা, যত্ন ও আশ্বাসের ঘোষণা।
তবে এই আয়াত থেকে আমরা সাধারণ মুসলিমরাও একট গভীর সান্ত্বনার শিক্ষা নিতে পারি। জীবনে কঠিন সময় আসা, দুঃখ-কষ্টে পড়া কিংবা কোনো প্রত্যাশা পূরণ হতে বিলম্ব হওয়া ইত্যাদি এসবের কোনোটিই কিন্তু এককভাবে প্রমাণ করে না যে, আল্লাহ আমাদের ওপর অসন্তুষ্ট কিংবা আমরা তাঁর রহমত থেকে বঞ্চিত।
বরং কুরআনের অন্য আয়াতগুলো আমাদের শেখায়, আল্লাহ তাঁর প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন। কখনো কষ্ট আসে পরীক্ষা হিসেবে, কখনো গুনাহ মাফের উপলক্ষ হয়ে, কখনো বান্দার মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়ে।
যেমন, সূরা আল-ফাজরের ১৫–১৭ নম্বর আয়াতে আল্লাহ মানুষের সেই ভুল ধারণার সমালোচনা করেছেন, যেখানে মানুষ মনে করে দুনিয়াতে প্রাচুর্য থাকা মানেই যেন আল্লাহর সম্মান, আর অভাব মানেই আল্লাহর অপমান। এটা ভুল। এমনটা ভাবা ঠিক নয়।
ইমাম ইবনু কাসীর (রহ.) ব্যাখ্যা করেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও অভাব দিতে পারেন, আবার যাকে ভালোবাসেন না, তাকেও দুনিয়াতে প্রাচুর্য দিতে পারেন। অর্থাৎ পার্থিব অবস্থা দিয়ে আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টি এগুলোর ব্যপারে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। অন্তরের হালতটাই আসল, যেটা কেবল আল্লাহই দেখতে পারেন।
এ ছাড়া সূরা আল-বাকারার ১৫৫ নম্বর আয়াতে মুমিনদের পরীক্ষা করার কথা বলা হয়েছে। তাফসির আস-সা'দীতেও এসব পরীক্ষার উদ্দেশ্য ও প্রজ্ঞা আলোচনা করা হয়েছে।
তাই দুঃসময়ে আমরা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করব না।
বরং তাঁর রহমতের আশা রাখব, নিজেদের সংশোধন করব এবং তাঁর কাছেই ফিরে যাব। কেমন ?
সকল অবস্থায় মনে রাখবেন, দুঃসময় মানেই কিন্তু আল্লাহর অসন্তুষ্টি নয়। আর কষ্টের মধ্যেও একজন মুমিনের জন্য আল্লাহর রহমতের আশা করার দরজা খোলা রয়েছে।
এই আয়াতটি তাই আমাদের নিজের জীবনের কঠিন দিনগুলোতেও মনে রাখা প্রয়োজন। যখন মন বলবে, আমার জন্য বুঝি আর কোনো আশা নেই, তখন কুরআনের এই শিক্ষা মনে করে নিজেকে প্রশ্ন করব, আমি কি আমার সাময়িক কষ্ট দিয়ে আল্লাহর রহমতকে বিচার করে ফেলছি? আমার রবের রহমত তো আমার বর্তমান পরিস্থিতির চেয়েও অনেক বিস্তৃত! তাই, দোয়ার উত্তর পেতে দেরি হওয়া কিংবা জীবনে কঠিন সময় আসা — এগুলোকে সরাসরি আল্লাহর অসন্তুষ্টির প্রমাণ মনে করা ঠিক নয়।
এরপর কি হচ্ছে জানেন?
আল্লাহ শুধু অতীত ও বর্তমানের আশ্বাস দিয়েই থামলেন না। এবার রাসূল ﷺএর সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে বললেন!
৪র্থ আয়াত: সামনে যা অপেক্ষা করছে, তা কত বেশি সুন্দর!
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
অর্থ: আর অবশ্যই আখিরাত আপনার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। (সূরা আদ-দুহা, ৯৩:৪)
আগের আয়াতে আল্লাহ বললেন, তিনি রাসূল ﷺ-কে পরিত্যাগ করেননি। এবার জানাচ্ছেন, সামনে তাঁর জন্য আরও উত্তম প্রতিদান অপেক্ষা করছে।
এখানে ‘আখিরাত’ বলতে পরকাল বোঝানো হয়েছে। পাশাপাশি তাফসির আস-সা'দীতে রাসূল ﷺ-এর পরবর্তী অবস্থাগুলো আগের তুলনায় উন্নত হওয়ার দিকটিও আলোচনা করা হয়েছে।
কী অসাধারণ ধারাবাহিকতা!
প্রথমে আল্লাহ বর্তমান উদ্বেগটি দূর করলেন। এরপর দৃষ্টি ফেরালেন ভবিষ্যতের দিকে।
আমরা তো অনেক সময় দুনিয়ার সাময়িক কষ্টকেই জীবনের চূড়ান্ত পরিণতি মনে করি। মনে করি, দুনিয়াতে কিছু হয়নি মানে যেন সব শেষ! অথচ একজন মুমিনের সবচেয়ে বড় প্রত্যাশা এই দুনিয়ায় কিছু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তার সামনে রয়েছে আখিরাত!
আর এই শিক্ষাটি শুধু রাসূল ﷺ-এর জীবন নিয়ে ভাবার জন্য নয়। আল্লাহ কুরআনের অন্যত্র আমাদের সবাইকেও স্মরণ করিয়ে দিয়েছেন, ‘অথচ আখিরাত উত্তম ও অধিক স্থায়ী।’ (সূরা আল-আ'লা, ৮৭:১৭)
একটু ভেবে দেখুন! আমরা দুনিয়ায় কোনো কিছু হারালে, কোনো স্বপ্ন পূরণ না হলে, কোনো পরীক্ষায় ব্যর্থ হলে কতটা ভেঙে পড়ি! অথচ আমরা কি ভুলে যাচ্ছি, এই দুনিয়াই আমাদের শেষ ঠিকানা নয়? আমাদের সামনে আরও একটি জীবন রয়েছে, যে জীবনের সফলতাই প্রকৃত সফলতা!
তাই একজন মুমিনের জীবনে দুনিয়ার পাওয়া-না-পাওয়ার হিসাবটাই সব নয়। সে দুনিয়ায় চেষ্টা করবে, দায়িত্ব পালন করবে, কিন্তু তার চূড়ান্ত লক্ষ্য থাকবে আখিরাতের সফলতা। দুনিয়ায় সবকিছু নিজের ইচ্ছামতো না পেলেও সে যেন আখিরাতের আশা হারিয়ে না ফেলে।
আর সেই উত্তম আখিরাতে প্রিয় রাসূল ﷺ এর জন্য কী অপেক্ষা করছে?
পরের আয়াতে আল্লাহ নিজেই জানাচ্ছেন।
৫ম আয়াত: আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হবেন!
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
অর্থ: আর অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হবেন। (সূরা আদ-দুহা, ৯৩:৫)
কী অপূর্ব একটি প্রতিশ্রুতি!
আল্লাহ শুধু বললেন না যে, রাসূল ﷺ-এর জন্য আখিরাত উত্তম। বরং জানালেন, তিনি তাঁকে এমনভাবে দান করবেন যে তিনি সন্তুষ্ট হবেন।
তাফসির ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় আখিরাতে রাসূল ﷺ-এর জন্য নির্ধারিত সম্মান, বিশেষ নিয়ামত এবং তাঁর উম্মতের ব্যাপারে সন্তুষ্ট হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে।
منصة القرآن الكريم
একটু খেয়াল করুন, কত সুন্দরভাবে সান্ত্বনা এগিয়ে যাচ্ছে!
আল্লাহ আপনাকে ছেড়ে যাননি → আপনার ভবিষ্যৎ আরও উত্তম → আপনার রব আপনাকেই সন্তুষ্ট করবেন।
এটি বিশেষভাবে রাসূলুল্লাহ ﷺ-কে দেওয়া প্রতিশ্রুতি।
আমরা নিজেরাও এখান থেকে আল্লাহর রহমতের প্রতি আশা ও আখিরাতের প্রতিদানের প্রতি বিশ্বাস রাখতে শিখতে পারি।
আমাদের নিজেদের জীবনেও এই আয়াতটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে। আমরা হয়তো অনেক কিছু চাই, অনেক স্বপ্ন দেখি, অনেক দোয়া করি। কিন্তু সব চাওয়া এই দুনিয়াতেই, ঠিক আমাদের পছন্দমতো পূরণ হবে, এমন কোনো প্রতিশ্রুতিআমাদের দেওয়া হয়নি।
বরং মুমিনদের জন্য আল্লাহর নিজস্ব প্রতিশ্রুতি রয়েছে। সূরা আন-নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে মুমিন সৎকর্ম করবে, তাকে তিনি উত্তম জীবন দান করবেন এবং আখিরাতে তার উত্তম আমলের প্রতিদান দেবেন।
কী সুন্দর আশার কথা!
আমাদের কোনো ইচ্ছা অপূর্ণ থাকতে পারে, কোনো দোয়ার ফল আমরা এখনো দেখতে না-ও পারি। কিন্তু আল্লাহর কাছে ঈমান ও নেক আমলের যে প্রতিদান রয়েছে, সেই আশা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। তাই এই দুনিয়ায় কোনো কিছু না পাওয়ার বেদনা যেন আমাদের আখিরাতের বিশাল প্রাপ্তির কথা ভুলিয়ে না দেয়। কেমন?
এখন পর্যন্ত আল্লাহ ভবিষ্যতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই প্রতিশ্রুতিতে আস্থা রাখার জন্য রাসূল ﷺ-কে এবার কী স্মরণ করাচ্ছেন?
তাঁর নিজের অতীত!
৬ষ্ঠ আয়াত: আপনি যখন এতিম ছিলেন, তখন কে আশ্রয় দিয়েছিলেন?
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
অর্থ: তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি? অতঃপর আপনাকে আশ্রয় দেননি? (সূরা আদ-দুহা, ৯৩:৬)
কী গভীর একটি প্রশ্ন!
রাসূলুল্লাহ ﷺ জন্মের আগেই পিতৃহারা হন। ৬ বছর বয়সে মাকেও হারান। এরপর দাদা আবদুল মুত্তালিব এবং তাঁর মৃত্যুর পর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন।
আল্লাহ সেই শৈশবের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।
যখন ছোট্ট মুহাম্মদ ﷺ নিজের জন্য কিছু করার সামর্থ্য রাখতেন না, তখন কে তাঁর জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন?
আল্লাহই তো!
দেখুন, আগের আয়াতে ছিল ভবিষ্যতের প্রতিশ্রুতি। আর এখানে সেই প্রতিশ্রুতির পরেই অতীতের নিয়ামত স্মরণ করানো হচ্ছে।
যিনি অতীতে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছেন, তাঁর ভবিষ্যতের প্রতিশ্রুতিতেও আস্থা রাখার কত বড় কারণ রয়েছে!
আমাদের জীবনেও অনেক ভয়াবহ অতীত ব্যথা থেকে আমাদের রবই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। কত বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন! কত অপ্রত্যাশিতভাবে সাহায্য এসেছে! ভুলে গেছেন নাকি?
আপনার নিজের জীবনটার কথাই একবার ভাবুন। এমন কোনো সময় কি ছিল না, যখন আপনি বুঝতেই পারছিলেন না, কীভাবে সবকিছু সামলাবেন? অথচ কোনো না কোনোভাবে আল্লাহ আপনার জন্য সাহায্যের ব্যবস্থা করে দিয়েছেন। হয়তো কোনো মানুষের মাধ্যমে, হয়তো এমন কোনো সুযোগ দিয়ে, যা আপনি কল্পনাও করেননি!
আজকের কষ্টে আমরা অনেক সময় অতীতের সেই সাহায্যগুলো ভুলে যাই। অথচ সেগুলো স্মরণ করলে আল্লাহর ওপর ভরসা আরও দৃঢ় হতে পারে। আমরা নিশ্চয়ই জানি না আগামীকাল কী ঘটবে। কিন্তু এতদিনের জীবনে আল্লাহর কত অনুগ্রহ পেয়েছি, সেগুলো তো অস্বীকার করতে পারি না!
কিন্তু রাসূল ﷺ-এর প্রতি আল্লাহর অনুগ্রহ কি কেবল আশ্রয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল?
না, এরপর আল্লাহ স্মরণ করালেন আরও বড় একটি নিয়ামত।
৭ম আয়াত: আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি হিদায়াত নয়?
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
অর্থ: আর তিনি আপনাকে পথ সম্পর্কে অনবহিত অবস্থায় পেয়েছেন, অতঃপর পথনির্দেশ দিয়েছেন।
(সূরা আদ-দুহা, ৯৩:৭ এর ব্যাখ্যামূলক অর্থ)
এখানে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে।
‘দাল্লান’ শব্দটির অর্থ প্রসঙ্গভেদে পথ সম্পর্কে অনবহিত বা পথ না জানা হতে পারে। অর্থাৎ প্রিয় রসূল ﷺ ওহি নাযিলের আগে তো দ্বীন ইসলাম সম্পর্কে জানতেন না। আল্লাহই তাঁকে শিখিয়েছেন দ্বীন সম্পর্কে।
তাফসির ইবনে কাসিরে এ আয়াতের ব্যাখ্যায় সূরা আশ-শূরার ৫২ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, ওহি আসার আগে রাসূল ﷺ কিতাব ও ঈমানের বিস্তারিত বিষয় জানতেন না। আল্লাহই তাঁকে ওহির মাধ্যমে শিক্ষা ও পথনির্দেশ দিয়েছেন।
আগের আয়াতে আল্লাহ স্মরণ করালেন শারীরিক আশ্রয়ের কথা। এবার বললেন রুহানিয়াত আশ্রয় অর্থাৎ হিদায়াতের কথা।
অর্থাৎ, আল্লাহ শুধু রাসূল ﷺ-এর বেড়ে ওঠার ব্যবস্থা করেননি; তাঁকে নবুওয়াত, কুরআন ও সত্যের পথনির্দেশ দিয়ে সম্মানিত করেছেন।
এখানে আমাদের নিজেদের জন্যও একটি আত্মজিজ্ঞাসা রয়েছে।
আমরা আল্লাহর দেওয়া খাবার, অর্থ, সুস্থতা আর নিরাপত্তার জন্য কৃতজ্ঞ হই। আমরা একটা বিয়ে হলে, একটা চাকরি পেলে কত খুশি হই।
কিন্তু আল্লাহ যে আমাদের ইসলামকে জানার, কুরআন পড়ার এবং সত্যের পথে চলার সুযোগ দিয়েছেন — সেই নিয়ামতের জন্য কতবার কৃতজ্ঞতা প্রকাশ করি?
আরেকটু গভীরভাবে ভাবুন! দুনিয়ায় কত মানুষ আছে, যারা এখনো কুরআনকে জানার সুযোগ পায়নি, ইসলামের সৌন্দর্য বুঝতে পারেনি। অথচ আল্লাহ আমাকে কুরআন পড়ার, তাঁর কালাম বোঝার, তাঁর কাছে ফিরে আসার সুযোগ দিয়েছেন!
এই নিয়ামত কি শুধু মুখে কৃতজ্ঞতা প্রকাশ করেই শেষ করার মতো?
আমাকে তো এবার নিজের জীবনেও সেই হিদায়াতের প্রতিফলন ঘটাতে হবে। আমি যে কুরআন পড়ছি, তা কি আমার সিদ্ধান্তে, আচরণে, সম্পর্কগুলোতে কোনো পরিবর্তন আনছে?
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, হিদায়াত পাওয়ার পরও তো আমাদের সেই পথে অটল থাকার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন। এ কারণেই আমরা প্রতিদিন সালাতে বলি, ‘আমাদের সরল পথ দেখান।’ (সূরা আল-ফাতিহা, ১:৬)
এরপরই আল্লাহ আবার জীবনের আরেকটি প্রয়োজনের কথা স্মরণ করালেন।
৮ম আয়াত: অভাবের সময় কে আমার প্রয়োজন পূরণ করেছিলেন?
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
অর্থ: আর তিনি আপনাকে অভাবী অবস্থায় পেয়েছেন, অতঃপর অভাবমুক্ত করেছেন। (সূরা আদ-দুহা, ৯৩:৮)
আল্লাহ এবার রাসূল ﷺ কে তাঁর অভাবের সময়ের কথা স্মরণ করিয়ে দিলেন।
রাসূল ﷺ-এর জীবনে আর্থিক অভাব ছিল। আল্লাহ তাঁর জন্য জীবিকার ব্যবস্থা করেছেন, প্রয়োজন পূরণ করেছেন এবং তাঁকে অভাবমুক্ত করেছেন।
খেয়াল করুন, আল্লাহ তিনটি নিয়ামত কী সুন্দরভাবে পাশাপাশি আনলেন!
আশ্রয়, হিদায়াত এবং অভাবমুক্তি।
জীবনের তিনটি গুরুত্বপূর্ণ প্রয়োজনের কথা স্মরণ করিয়ে দেওয়া হলো। এর মাধ্যমে রাসূল ﷺ-এর প্রতি আল্লাহর অতীত অনুগ্রহ স্পষ্ট হয়ে উঠল।
আমাদের জীবনেও এই আয়াতটি নিয়ে ভাবার অনেক কিছু আছে। কখনো কি এমন হয়েছে, হাতে খুব সামান্য অর্থ ছিল, কিন্তু আল্লাহ কোনোভাবে প্রয়োজনটুকু পূরণ করে দিয়েছেন? কখনো কোনো অপ্রত্যাশিত সাহায্য এসেছে, কখনো অল্পের মধ্যেও অনেক বরকত পেয়েছি!
আবার আমাদের কেউ হয়তো এখনো অভাবের মধ্যেই আছি। তাহলে কি এই আয়াত থেকে ধরে নেব, আল্লাহ আমাদের সবাইকে একদিন প্রচুর ধনসম্পদ দেবেন? না, এমন নিশ্চয়তা এখানে দেওয়া হয়নি।
সত্যিকারের দারিদ্র তো হৃদয়ের দারিদ্র!
তবে আমরা এখান থেকে শিখতে পারি, অভাবের মধ্যেও আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাঁর কাছে সাহায্য চাইতে হবে। আর তিনি ইতোমধ্যে যে নিয়ামতগুলো দিয়েছেন, সেগুলোকেও ছোট করে দেখা যাবে না।
কিন্তু এত নিয়ামতের কথা স্মরণ করানোর উদ্দেশ্য কী?
শুধুই অতীত মনে করে আনন্দ পাওয়া?
না! পরের তিনটি আয়াতে আল্লাহ দেখিয়ে দিলেন, নিয়ামত পাওয়ার পর মানুষের দায়িত্ব কী।
৯ম আয়াত: আপনি আশ্রয় পেয়েছেন, তাই এতিমকে কষ্ট দেবেন না!
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
অর্থ: সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর আচরণ করবেন না। (সূরা আদ-দুহা, ৯৩:৯)
আল্লাহু আকবার! আগের আয়াতগুলোর সঙ্গে এই নির্দেশনার সম্পর্ক কত সুন্দর!
৬ নম্বরে আল্লাহ বলেছিলেন, তিনি রাসূল ﷺ-কে এতিম অবস্থায় আশ্রয় দিয়েছেন। আর এখন বলছেন, এতিমের প্রতি কঠোর হবেন না।
অর্থাৎ, আল্লাহর কাছ থেকে আশ্রয় পাওয়ার নিয়ামত স্মরণ করে অন্য এতিমের প্রতিও সদয় হতে হবে।
তাফসির আত-তাবারি ও আস-সা'দীতে এতিমকে নির্যাতন, অবজ্ঞা কিংবা তার অধিকার নষ্ট না করার কথা এসেছে। বরং তাকে সম্মান ও ভালোবাসা দিতে হবে।
আমাদের জন্যও এখানে বড় শিক্ষা রয়েছে।
কখনো যদি জীবনের কোনো অভাব, অসহায়ত্ব বা কষ্টের অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা যেন আমাদের অন্যের প্রতি আরও সহানুভূতিশীল করে তোলে। আমরা এখন অনেক সাইকেল ব্রেক করার কথা বলি না? মানে আপনার সাথে যে অত্যাচারের চক্র শুরু হয়েছে, আপনি সেটা ভেঙ্গে দিন! আপনার মা-বাবা আপনার সাথে নিষ্ঠুর হলে, আপনি আপনার সন্তানের সাথে নিষ্ঠুর আচরণ না করার মাধ্যমে! কুরআনের এই ৯ নং আয়াত হচ্ছে, আমাদের জন্য সবচেয়ে বড় সাইকেল ব্রেক করার শিক্ষা!
যে মানুষটা নিজে ইয়াতিম হওয়ার কষ্ট টের পেয়েছে, সে যেন অন্য ইয়াতিমদের সাথে এমন আচরণ না করে। যে মানুষটা নিজে তার শাশুড়ির কাছে খুব কষ্ট পেয়েছে, সে নিজে শাশুড়ি হয়ে যেন তার ছেলের বুকে ঐ একই কষ্ট না দেয়।
আমাদের নিজেদের আচরণ শুধুতে এটি কতটা গুরুত্বপূর্ণ, একটু ভাবুন!
যে শিশু নিজের অধিকার আদায় করতে পারে না, যে এতিম নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না, আমরা কি তাদের জন্য নিরাপদ আশ্রয় হতে পারছি?
আমার নিজের জীবনে যদি কখনো অবহেলা, কঠোরতা কিংবা ভালোবাসার অভাবের অভিজ্ঞতা থেকে থাকে, আমি কি সেই একই কষ্ট অন্যের ওপর চাপিয়ে দিচ্ছি? নাকি আমার মাধ্যমে সেই কষ্টের ধারাবাহিকতা থামছে?
কিন্তু শুধু এতিম নয়। আমাদের চারপাশে আরও অনেক মানুষ রয়েছে, যারা সাহায্যের অপেক্ষায় থাকে।
তাদের ব্যাপারে কী নির্দেশনা?
১০ম আয়াত: কেউ সাহায্য চাইলে তাকে ধমক দেবেন না!
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
আর যে প্রার্থনা করে, তাকে ধমক দেবেন না। (সূরা আদ-দুহা, ৯৩:১০)
আগের আয়াতে এতিমের প্রতি সদয় হওয়ার নির্দেশ ছিল। এবার সেই শিক্ষা আরও বিস্তৃত হলো।
কেউ অভাবের কারণে সাহায্য চাইতে পারে। আবার কেউ কোনো বিষয় না জানার কারণে জ্ঞান বা পথনির্দেশ চাইতে পারে।
তাফসির আত-তাবারিতে অভাবী প্রার্থনাকারীর কথা এসেছে। আর ইবনে কাসিরে জ্ঞান ও হিদায়াতপ্রার্থী ব্যক্তির প্রতিও সদয় আচরণের ব্যাখ্যা রয়েছে।
কী গুরুত্বপূর্ণ একটি শিক্ষা!
আমাদের পক্ষে সবসময় সবাইকে অর্থ দিয়ে সাহায্য করা সম্ভব না-ও হতে পারে। কিন্তু কাউকে অপমান না করে, ভদ্রভাবে কথা বলা তো সম্ভব। সুন্দর আচরণ করতে তো কোন টাকা থাকার প্রয়োজন নেই।
কেউ কিছু জানতে চাইলে তাকে ছোট না করা, কেউ অভাবে পড়লে তাকে ধমক না দেওয়া ইত্যাদি এসবও আমাদের আচরণের গুরুত্বপূর্ণ অংশ।
একটু নিজের জায়গা থেকে ভাবুন। কেউ হয়তো অনেক সংকোচ নিয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছে। হয়তো বারবার চিন্তা করেছে, কথাটা বলবে কি বলবে না। এমন অবস্থায় আমার একটি কঠোর কথা তাকে কতটা আঘাত করতে পারে!
আবার কেউ হয়তো এমন কিছু জিজ্ঞেস করেছে, যা আমার কাছে খুবই সহজ। তাই বলে তাকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কি আমার আছে?
আমরা নিজেরা যখন অসহায় অবস্থায় সাহায্য চাই, তখন তো চাই কেউ আমাদের কথাটুকু অন্তত সম্মান দিয়ে শুনুক। তাহলে অন্যের বেলায় সেই সুন্দর আচরণটুকু করতে কেন আমরা ভুলে যাই?
এখানে ৭ ও ৮ নম্বর আয়াতের সঙ্গেও একটি সুন্দর সম্পর্ক বোঝা যায়। আল্লাহ রাসূল ﷺ-কে হিদায়াত দিয়েছেন, অভাবমুক্ত করেছেন। তাই অন্যের জ্ঞানগত কিংবা আর্থিক প্রয়োজনের প্রতিও সদয় হওয়ার শিক্ষা রয়েছে।
এখন পর্যন্ত আল্লাহ বললেন, অন্যের সঙ্গে কেমন আচরণ করতে হবে।
কিন্তু যে রব এত নিয়ামত দিয়েছেন, তাঁর প্রতি আমরা কেমন আচরণ করি? তাঁর কৃতজ্ঞতা কীভাবে প্রকাশ করব?
শেষ আয়াতেই রয়েছে সেই নির্দেশনা।
১১তম আয়াত: আল্লাহর নিয়ামতের কথা বলতে ভুলে যাচ্ছি না তো?
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
অর্থ: আর আপনার রবের নিয়ামতের কথা প্রকাশ করুন। (সূরা আদ-দুহা, ৯৩:১১)
কী সুন্দরভাবে সূরাটির সমাপ্তি হলো!
আল্লাহ প্রথমে রাসূল ﷺ-কে সান্ত্বনা দিলেন, তারপর ভবিষ্যতের সুসংবাদ দিলেন, অতীতের নিয়ামত স্মরণ করালেন এবং সবশেষে সেই নিয়ামতের শোকর আদায়ের নির্দেশ দিলেন।
তাফসির আত-তাবারিতে এই নিয়ামতের মধ্যে নবুওয়াতের বিশেষ উল্লেখ রয়েছে। আর তাফসির আস-সা'দীতে দ্বীনি ও দুনিয়াবি উভয় ধরনের নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের কথা বলা হয়েছে।
কিন্তু নিয়ামতের কথা প্রকাশ করা মানে কি নিজের অর্জনের বড়াই করা?
একেবারেই নয়।
নিয়ামতের কথা বলা হবে আল্লাহর অনুগ্রহ স্বীকার করে, তাঁর প্রশংসা করার জন্য। নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য নয়। বার বার মনে করিয়ে দিতে হবে, আমার সব অর্জন আল্লাহ দিয়েছেন বলেই সম্ভব হয়েছি। আল্লাহর আমার মস্তিষ্কের কোষগুলোকে সুস্থ চিন্তা করার ক্ষমতা না দিলে আমি কিছুই করতে পারতাম না।!
একবার ভাবুন, আমরা কত সহজেই বলি, ‘আমি এত কষ্ট করে আজ এখানে এসেছি!’ অথচ আমাদের মেধা, সামর্থ্য, সুযোগ, সুস্থতা ইত্যাদি সবই তো আল্লাহর দেওয়া!
কী সুন্দর হতো, যদি প্রতিটি অর্জনের পেছনে আমরা আল্লাহর অনুগ্রহ দেখতে শিখতাম!
আমাদের নিজেদের জীবনে এই আয়াতটি চর্চা করার একটি সুন্দর উপায় হতে পারে, প্রতিদিন কিছু সময় নিয়ে আল্লাহর দেওয়া নিয়ামতগুলো স্মরণ করা। হয়তো আজ মন খারাপ, হয়তো অনেক কিছুই পরিকল্পনামতো হয়নি। কিন্তু আজও তো আমি বেঁচে আছি, আল্লাহকে ডাকতে পারছি, তাঁর কালাম পড়তে পারছি!
আমরা কি প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কাছে পাওয়া অনুগ্রহগুলো নিয়ে ভাবতে পারি না?
আর নিয়ামতের প্রকৃত কৃতজ্ঞতা যেন শুধু মুখের কথায় সীমাবদ্ধ না থাকে। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন, তা দিয়ে যেন অন্যের উপকার করি। যে সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে যেন ভালো কাজ করি। যে সুযোগ দিয়েছেন, তা যেন তাঁর সন্তুষ্টির পথে ব্যবহার করি।
এভাবেই সূরাটি শেষ হলো কৃতজ্ঞতার নির্দেশনা দিয়ে।
আগের ও পরের সূরার সঙ্গে সূরা আদ-দুহার সম্পর্ক
সূরা আদ-দুহার আগের সূরা হলো সূরা আল-লাইল (৯২)। আল-লাইল শুরু হয়েছে রাতের শপথ দিয়ে, আর আদ-দুহা শুরু হয়েছে সকালের আলোর শপথ দিয়ে। আরও চমৎকার বিষয় হলো, আল-লাইলের শেষ আয়াতে নেককার ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে, ‘আর অচিরেই সে সন্তুষ্ট হবে’ (৯২:২১)। আদ-দুহার ৫ নম্বর আয়াতেও রয়েছে সন্তুষ্টির প্রতিশ্রুতি, এবার বিশেষভাবে রাসূলুল্লাহ ﷺ-এর জন্য, ‘আপনার রব আপনাকে দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন।’ দুটি আয়াতের প্রাপক ও প্রসঙ্গ পৃথক হলেও শব্দ ও বিষয়বস্তুর এই মিল অত্যন্ত সুন্দর।
আর সূরা আদ-দুহার পরেই রয়েছে সূরা আশ-শারহ (৯৪)। আদ-দুহার শেষ অংশে আল্লাহ অতীতের অনুগ্রহ স্মরণ করিয়ে কৃতজ্ঞতার নির্দেশ দিলেন। পরের সূরার শুরুতেই আবার প্রশ্ন করলেন, ‘আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি?’ (৯৪:১)। অর্থাৎ, আদ-দুহায় যে সান্ত্বনা ও নিয়ামতের স্মরণ শুরু হয়েছে, আশ-শারহে সেই আলোচনার আরও বিস্তার দেখতে পাই। এরপর সেখানে রয়েছে কষ্টের সঙ্গেই স্বস্তির দারুণ সুসংবাদ। দুটি সূরা পাশাপাশি পড়লে রাসূল ﷺ-এর প্রতি আল্লাহর যত্ন, সাহায্য ও অনুগ্রহের এক অপূর্ব ধারাবাহিকতা উপলব্ধি করা যায়।
এগুলো সূরাগুলোর বক্তব্যের পারস্পরিক মিল নিয়ে ভাবার সুযোগ তৈরি করে দিচ্ছে।
তবে আল্লাহই সবচেয়ে ভালো জানেন এর ব্যখ্যা।
এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
১–২: সকাল ও রাতের শপথ – দুটি ভিন্ন অবস্থার উল্লেখ।
এরপর শপথের মূল বক্তব্য
৩: আপনার রব আপনাকে ছেড়ে যাননি।
শুধু বর্তমান নয়, ভবিষ্যতেও সুসংবাদ
৪–৫: আখিরাত উত্তম; আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন।
এই প্রতিশ্রুতির পর অতীত অনুগ্রহ স্মরণ
৬: এতিম ছিলেন → আল্লাহ আশ্রয় দিয়েছেন।
৭: ওহির জ্ঞান ছিল না → আল্লাহ হিদায়াত দিয়েছেন।
৮: অভাবী ছিলেন → আল্লাহ অভাবমুক্ত করেছেন।
এবার নিয়ামতের শোকর হবে কাজে
৯: আশ্রয় পেয়েছেন → এতিমকে কষ্ট দেবেন না।
১০: সাহায্য পেয়েছেন → প্রার্থনাকারীকে ধমক দেবেন না।
১১: অসংখ্য নিয়ামত পেয়েছেন → রবের নিয়ামতের কথা প্রকাশ করুন।
সূরা আদ-দুহা আমাদের কতগুলো অসাধারণ বিষয় শেখায়। কখনো আমরা জীবনের বর্তমান কষ্টটুকুই দেখি। অথচ আমাদের পেছনে আল্লাহর কত অনুগ্রহ, সামনে আখিরাতের কত বড় প্রত্যাশা এগুলো ভুলে যাই!
আর সবচেয়ে সুন্দর বিষয় হলো, আল্লাহর নিয়ামত স্মরণ করার শিক্ষা শুধু নিজের অন্তরকে শান্ত করার জন্য নয়। সেই কৃতজ্ঞতার প্রভাব যেন আমাদের অন্যের প্রতি আচরণেও ফুটে ওঠে।
আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন। আমি তাঁর দেওয়া নিয়ামতগুলো দিয়ে অন্যের জীবনে কতটুকু কল্যাণ পৌঁছে দিচ্ছি? আমার নিজের জীবনে প্রশান্তি প্রলেপ লাগাতে কতটুকু ব্যবহার করছি আল্লাহর কালামকে>
হে আল্লাহ! আপনি আমাদের আপনার নিয়ামতগুলো চিনতে শেখান, সেগুলোর যথাযথ শোকর আদায়ের তাওফিক দিন এবং আমাদের অন্যের জন্য কল্যাণের মাধ্যম বানিয়ে দিন। আমিন।
মন্তব্য
আরও পড়ুন
দারসুল কুরআন: সূরা লুকমান, দ্বিতীয় রুকু (আয়াত ১২–১৯)
লুকমান হাকীমের তাঁর পুত্রকে দেওয়া উপদেশ — আকীদা, নামাজ, সৎ কাজের আদেশ, ধৈর্য ও সামাজিক শিষ্টাচার: আয়াত, অনুবাদ, সূরা পরিচিতি, ব্যাখ্যা ও শিক্ষা।
MD MAYEEN UDDIN👁 ১সূরা আত-তাকাসুর
সূরা আত-তাকাসুরের আয়াত, অনুবাদ, নামকরণ, নাযিলের সময়কাল, বিষয়বস্তু ও বিস্তারিত ব্যাখ্যা — দুনিয়ার স্বার্থ বেশি বেশি লাভের মোহ মানুষকে কীভাবে আখিরাত থেকে গাফেল করে রাখে।
MD MAYEEN UDDIN👁 ০রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী — ২০ মিনিটের আলোচনা
জন্মের পূর্বের আরব থেকে ওফাত পর্যন্ত রাসূলুল্লাহ (সা.)-এর পুরো জীবন ২০ মিনিটে — সময় বণ্টন, গুরুত্বপূর্ণ ঘটনা, যুদ্ধের পরিসংখ্যান ও শিক্ষা।
MD MAYEEN UDDIN👁 ১দারসুল কুরআন: সূরা আন-নাসর
বিজয়ের মুহূর্তে মুমিনের করণীয়: অহংকার নয়, আল্লাহর প্রশংসা, তাসবীহ ও ইস্তিগফার।