কুরআনের তাফসীর / দারস · সূরা আল-মুলক: আয়াত ২২–৩০
সূরা আল-মুলক নোট (আয়াত ২২–৩০)
📚 এই সিরিজের অংশ:সূরা আল-মুলক দারসঅংশ ৩/৩সূরা আল-মুলকের শেষ ৯ আয়াত: কে সঠিক পথে, কান-চোখ-অন্তরের নিয়ামত, কিয়ামতের জ্ঞান, ঈমান ও তাওয়াক্কুল এবং পানির মালিকানা — আয়াত ধরে ধরে আলোচনা।
📑 সূচিপত্র (২০)
- ভূমিকা
- ২২তম আয়াত: কে সঠিক পথে চলছে?
- ২৩তম আয়াত: কান, চোখ আর অন্তর কেন দিয়েছেন আল্লাহ?
- ২৪তম আয়াত: যিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তিনিই কি আবার একত্র করবেন না?
- ২৫তম আয়াত: তারা কেন জানতে চাইত, কিয়ামত কবে আসবে?
- ২৬তম আয়াত: কিয়ামতের সময় আসলে কে জানেন?
- ২৭তম আয়াত: যে শাস্তিকে অস্বীকার করেছিল, সেটি সামনে দেখলে কী হবে?
- ২৮তম আয়াত: অন্যের ধ্বংস কি আমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে?
- ২৯তম আয়াত: আমরা কার ওপর ঈমান এনেছি, কার ওপর ভরসা করি?
- ৩০তম আয়াত: আল্লাহ যদি পানি সরিয়ে নেন, তাহলে কে ফিরিয়ে আনবে?
- এবার শেষ ৯ টি আয়াত একসঙ্গে একটু রিভিশন করে নিই!
- এবার আয়াতের সংযোগগুলো এক নজরে দেখুন!
- তথ্যসূত্র
ভূমিকা
আলহামদুলিল্লাহ! আমরা ইতোমধ্যে সূরা মূলকের প্রথম ২১টি আয়াত পড়ে ফেলেছি। আজকে আমরা সূরাটির শেষ নয়টি আয়াত পড়ব, ইনশাআল্লাহ! এর মধ্য দিয়েই সম্পূর্ণ সূরা মূলকের নোট শেষ হবে, আলহামদুলিল্লাহ!
আগের আয়াতগুলোর কথা একটু মনে করুন তো!
আল্লাহ প্রথমে জানালেন, সমস্ত রাজত্ব তাঁর হাতে। জীবন-মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য। এরপর দেখালেন আসমানের নিখুঁত সৃষ্টি, জানালেন সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি। তারপর স্মরণ করিয়ে দিলেন, আমাদের অন্তরের সবকিছু তিনি জানেন, পৃথিবীর নিরাপত্তা ও সমস্ত রিজিকও তাঁরই হাতে!
২১তম আয়াতে এসে আল্লাহ প্রশ্ন করলেন, তিনি যদি আমাদের রিজিক বন্ধ করে দেন, তাহলে কে আমাদের রিজিক দেবে?
কিন্তু এরপর কী হলো?
কেন আল্লাহ হঠাৎ মুখ থুবড়ে হাঁটা একজন মানুষের উদাহরণ দিলেন? তারপর আমাদের কান, চোখ, অন্তরের কথা বললেন? এরপর পুনরুত্থান, কিয়ামতের সতর্কবার্তা, আল্লাহর ওপর ভরসা এবং সবশেষে পানির কথা বলে সূরাটি শেষ করলেন?
কী সম্পর্ক রয়েছে এই বিষয়গুলোর মধ্যে?
আপাতদৃষ্টিতে আলাদা মনে হলেও এই নয়টি আয়াতের মধ্যেও রয়েছে অসাধারণ এক ধারাবাহিকতা! প্রতিটি বিষয় যেন পরের বিষয়টি বোঝার পথ তৈরি করে দিচ্ছে। একটি আয়াতও কিন্তু এখানে খাপছাড়া নয়!
আসুন, স্বীকৃত তাফসিরের আলোকে বুঝে নিই, আমাদের প্রিয় রব আমাদের কী জানাচ্ছেন সূরা মূলকের আয়াতগুলোর মাধ্যমে!
২২তম আয়াত: কে সঠিক পথে চলছে?
أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ
যে ব্যক্তি মুখ থুবড়ে চলে, সে কি অধিক সঠিক পথে রয়েছে, নাকি যে সোজা হয়ে সরল পথে চলে?
(৬৭:২২, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
কী অসাধারণ একটি উদাহরণ!
একটু কল্পনা করুন!
একজন মানুষ মুখ নিচু করে, হোঁচট খেতে খেতে এগিয়ে যাচ্ছে। বার বার মুখ থুবড়ে পড়ে যাচ্ছে, মুখ মাটিতে লাগিয়েই যেন চলছে। সামনের পথটাও ঠিকমতো দেখতে পাচ্ছে না।
আরেকজন সোজা হয়ে, স্পষ্ট একটি পথে মাথা উঁচু করে নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে।
বলুন তো, এই দুইজন ব্যক্তি কি সমান?
আসলে কে সঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারবে?
তাফসিরে ইবন কাসীর ও আস-সা'দীতে ব্যাখ্যা করা হয়েছে, এটি মুমিন ও কাফিরের উপমা। সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তি বিভ্রান্ত পথিকের মতো। আর সত্য গ্রহণকারী মুমিন সরল পথে চলা ব্যক্তির মতো।
দেখুন আগের আয়াতের সঙ্গে কী সুন্দর সংযোগ!
২১তম আয়াতে আল্লাহ জানালেন, সত্য অস্বীকারকারীরা অবাধ্যতা ও বিমুখতায় অটল রয়েছে।
আর ২২তম আয়াতে সেই বিমুখতার অবস্থাটি একটি চমৎকার উপমা দিয়ে বোঝালেন!
আমাদের জীবনেও তো প্রতিদিন কত কত সিদ্ধান্ত নিতে হয়!
কোন পথে চলব? কাকে অনুসরণ করব? কীভাবে জীবন কাটাব?
আমরা যেন এই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় নিজেদের খেয়ালখুশিকে পথপ্রদর্শক না বানিয়ে আল্লাহর দেখানো সরল পথ বেছে নিই!
কিন্তু এই সঠিক পথ চিনে নেওয়ার জন্য আল্লাহ আমাদের কী কী দিয়েছেন?
ঠিক পরের আয়াতেই রয়েছে উত্তর!
২৩তম আয়াত: কান, চোখ আর অন্তর কেন দিয়েছেন আল্লাহ?
قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۖ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
বলুন, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর। অথচ তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। (৬৭:২৩, ভাবানুবাদ)
আহা! কত গভীর একটি আয়াত!
২২তম আয়াতে আল্লাহ সঠিক ও ভুল পথে চলার পার্থক্য বোঝালেন।
আর এবার স্মরণ করিয়ে দিলেন, সত্য উপলব্ধি করার জন্য তিনি আমাদের কান, চোখ ও অন্তর দিয়েছেন!
তাফসিরে ইবন কাসীরে এসেছে, আল্লাহ আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও বিবেক-বুদ্ধি দিয়েছেন। কিন্তু মানুষ খুব কমই এসব নিয়ামত তাঁর আনুগত্যে ব্যবহার করে।
একটু ভাবুন তো!
আমরা কান দিয়ে কত কিছু শুনি! চোখ দিয়ে কত কিছু দেখি! মনের ভেতর কত চিন্তা করি!
কিন্তু কতটা সময় আসলে আল্লাহর বাণী শুনতে, তাঁর নিদর্শন দেখতে কিংবা তাঁর নির্দেশনা নিয়ে চিন্তা করতে ব্যয় করি?
যে কান দিয়ে সত্য শুনতে পারি, সেই কান যদি সত্য শুনতেই না চায়, তাহলে কত বড় ক্ষতি হলো!
যে কান দিয়ে কুরআন শুনতে পারি, সেই কান দিয়ে যদি কেবল অহেতুক কথা/গানবাজনা আর গিবত শুনি, তাহলে কত বড় ক্ষতি হল!
আমরা তো আগেই পড়েছি, জাহান্নামবাসীরা আফসোস করে বলবে, যদি তারা শুনত কিংবা বিবেক-বুদ্ধি ব্যবহার করত! (৬৭:১০)
দেখুন, আবার সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটিই ফিরে এল!
আল্লাহ আমাদের শুধু জীবনই দেননি, বরং এই জীবনে সঠিক পথ চিনে নেওয়ার উপকরণও দিয়েছেন!
কিন্তু যিনি আমাদের এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, তাঁর কাছে কি আমাদের একদিন ফিরে যেতে হবে না?
পরের আয়াতে আল্লাহ সেই কথাই স্মরণ করিয়ে দিলেন!
২৪তম আয়াত: যিনি পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তিনিই কি আবার একত্র করবেন না?
قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ
বলুন, তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর তাঁর কাছেই তোমাদের একত্র করা হবে।
(৬৭:২৪, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
২৩তম আয়াতে আল্লাহ বললেন, তিনিই আমাদের সৃষ্টি করেছেন।
আর ২৪তম আয়াতে জানালেন, তিনিই আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন এবং একদিন তাঁর কাছেই সবাইকে একত্র করা হবে!
তাফসিরে ইবন কাসীরে এসেছে, মানুষ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। ভাষা, বর্ণ ও আকৃতিতেও কত বৈচিত্র্য! অথচ কিয়ামতের দিন আল্লাহ সবাইকে আবার একত্র করবেন।
একটু ভাবুন তো!
আজ পৃথিবীতে কত মানুষ! কত দেশ, কত জাতি, কত ভাষা!
কেউ কোথায় জন্মাচ্ছে, কোথায় তাঁদের জীবন কাটাচ্ছে, কোথায় না জানি মৃত্যুবরণ করছে! অথচ একদিন সবাইকে এক জায়গায় একত্র করা হবে!
আমিও থাকব, আপনিও থাকবেন!
যিনি প্রথমবার আমাদের সৃষ্টি করেছেন, তাঁর জন্য আবার সবাইকে একত্র করা কি কঠিন? মোটেও না!
কিন্তু এত স্পষ্ট সতর্কবার্তার পরও কেউ কেউ পুনরুত্থানকে অস্বীকার করত।
তাদের প্রশ্ন কী ছিল?
পরের আয়াতে দেখুন!
২৫তম আয়াত: তারা কেন জানতে চাইত, কিয়ামত কবে আসবে?
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ
আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে বলো, এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে? (৬৭:২৫, ভাবানুবাদ)
দেখুন!
২৪তম আয়াতে আল্লাহ জানালেন, একদিন সবাইকে তাঁর কাছে একত্র করা হবে।
আর ২৫তম আয়াতে সত্য প্রত্যাখ্যানকারীরা প্রশ্ন করল, তাহলে সেই দিন কবে আসবে?
তাফসিরে আস-সা'দীতে ব্যাখ্যা করা হয়েছে, তারা সত্য জানার আন্তরিক আগ্রহ থেকে নয়, বরং অবিশ্বাস ও একগুঁয়েমি থেকে এমন প্রশ্ন করত। যেন সময়টি জানাতে না পারলেই এই পুনরুত্থানের প্রতিশ্রুতিই মিথ্যা হয়ে যাবে!
কিন্তু একটু ভাবুন তো!
একটি ঘটনা ঠিক কখন ঘটবে, সেটি না জানার অর্থ কি ঘটনাটি ঘটবে না?
আমরা নিজের মৃত্যুর সময়ও তো জানি না! অথচ মৃত্যু যে আসবে, তা নিয়ে কি কোনো সন্দেহ আছে?
তাহলে কিয়ামতের সময় নিয়ে অহেতুক প্রশ্ন করার চেয়ে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়াই কি বেশি গুরুত্বপূর্ণ নয়? তাই অহেতুক প্রশ্ন না করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের কাজ করতে বলা হয়েছে।
কিন্তু রাসূলুল্লাহ ﷺ-কে এ প্রশ্নের কী উত্তর দিতে বলা হলো?
২৬তম আয়াত: কিয়ামতের সময় আসলে কে জানেন?
قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ
বলুন, এর জ্ঞান তো কেবল আল্লাহর কাছেই। আর আমি তো একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। (৬৭:২৬, ভাবানুবাদ)
আল্লাহু আকবার!
২৫তম আয়াতে তারা প্রশ্ন করল, কিয়ামত কবে আসবে?
আর ২৬তম আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ ﷺ-কে জানিয়ে দিতে বললেন, সেই সময়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে।
তাফসিরে ইবন কাসীরে এসেছে, নির্দিষ্ট সময়টি একমাত্র আল্লাহই জানেন। রাসূলুল্লাহ ﷺ-এর দায়িত্ব হলো মানুষকে সতর্কবার্তা পৌঁছে দেওয়া।
এখানে আমাদের আকিদারও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে!
রাসূলুল্লাহ ﷺ আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী। কিন্তু তিনি নিজে থেকে সমস্ত অদৃশ্য জগতের জ্ঞান রাখতেন না। আল্লাহ ওহির মাধ্যমে যতটুকু জানিয়েছেন, তিনি ততটুকুই জানতেন।
একটু ভাবুন তো!
কিয়ামত কখন আসবে, সেটি আমাদের জানা নেই। কিন্তু সেই দিনের জন্য প্রস্তুত হতে হবে, সেটি তো জানি!
তাই কিয়ামতের তারিখ জানার চেয়ে কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়াই বেশি জরুরি!
কিন্তু যারা এই সতর্কবার্তা নিয়ে উপহাস করছিল, সেদিন যখন সেই বাস্তবতা চোখের সামনে দেখবে, তখন কী হবে?
পরের আয়াতেই রয়েছে সেই হৃদয় কাঁপানো দৃশ্য!
২৭তম আয়াত: যে শাস্তিকে অস্বীকার করেছিল, সেটি সামনে দেখলে কী হবে?
فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ
অতঃপর যখন তারা সেই শাস্তিকে কাছ থেকে দেখতে পাবে, তখন অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে। আর বলা হবে, এটাই তো সেই বিষয়, যা তোমরা তাড়াতাড়ি আসতে চাইতে! (৬৭:২৭, ভাবানুবাদ)
আহা! কী ভয়াবহ দৃশ্য!
২৫তম আয়াতে তারা প্রশ্ন করছিল, কিয়ামত কবে আসবে?
২৬তম আয়াতে জানানো হলো, সেই সময়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে।
আর এবার ২৭তম আয়াতে সেই শাস্তি সামনে আসার দৃশ্য তুলে ধরা হলো!
তাফসিরে ইবন কাসীরে ব্যাখ্যা করা হয়েছে, যে সত্যকে তারা অস্বীকার করেছিল, সেটি বাস্তবে প্রত্যক্ষ করলে তাদের মুখমণ্ডলে ভয়, দুঃখ ও অনুশোচনার ছাপ ফুটে উঠবে।
কল্পনা করুন!
যে বিষয়টিকে একসময় তারা উপহাস করত, সেটিই এখন তাদের চোখের সামনে!
আর বলা হবে, এটাই তো সেই শাস্তি, যা তোমরা তাড়াতাড়ি আসতে চাইতে!
আহা!
দুনিয়ায় সতর্কবার্তাকে গুরুত্ব না দেওয়ার পরিণতি কত ভয়াবহ হতে পারে!
আমাদের জন্যও এখানে গভীর শিক্ষা রয়েছে।
আমরা যেন আল্লাহর সতর্কবার্তাকে অবহেলা না করি। কারণ, আজ যে সত্যকে বিশ্বাস করে আমল করার সুযোগ রয়েছে, সেদিন সেটি চোখের সামনে দেখেও আর সংশোধনের সুযোগ থাকবে না!
কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীরা শুধু আখিরাতের সতর্কবার্তাই অস্বীকার করত না। তারা রাসূলুল্লাহ ﷺ ও তাঁর অনুসারীদের ধ্বংসও কামনা করত।
আল্লাহ এবার তাদের সেই মানসিকতার জবাব দিলেন!
২৮তম আয়াত: অন্যের ধ্বংস কি আমাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাবে?
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তাহলে অবিশ্বাসীদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে? (৬৭:২৮, ভাবানুবাদ)
আল্লাহু আকবার!
কী গভীর একটি প্রশ্ন!
তাফসিরে আস-সা'দীতে এসেছে, মুশরিকরা রাসূলুল্লাহ ﷺ-এর ধ্বংস কামনা করত। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, তাঁর ও তাঁর অনুসারীদের ওপর যা-ই ঘটুক, তাতে অবিশ্বাসীদের নিজেদের শাস্তি থেকে মুক্তি মিলবে না!
একটু ভাবুন তো!
আমি অন্যের অকল্যাণ কামনা করলাম, কিংবা অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকলাম। কিন্তু এতে কি আমার নিজের ভুলগুলো সংশোধন হয়ে যাবে? অন্যের ক্ষতি কামনা করলে কি আমার নিজের জীবনের ক্ষতি কমে যাবে?
অন্যের পরিণতি নিয়ে ব্যস্ত থাকার চেয়ে নিজের আখিরাত নিয়ে চিন্তা করা কি বেশি জরুরি নয়?
এই আয়াত যেন আমাদের শেখায়, অন্যের কী হবে, সেই চিন্তায় নিজের জবাবদিহির কথা ভুলে যাওয়া যাবে না!
আর সত্যিকারের নিরাপত্তা যদি আল্লাহর হাতেই থাকে, তাহলে মুমিনের অবস্থান কী হওয়া উচিত?
ঠিক পরের আয়াতেই রয়েছে অসাধারণ এক ঘোষণা!
২৯তম আয়াত: আমরা কার ওপর ঈমান এনেছি, কার ওপর ভরসা করি?
قُلْ هُوَ الرَّحْمَٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ
বলুন, তিনিই পরম করুণাময়। আমরা তাঁর ওপর ঈমান এনেছি এবং তাঁরই ওপর ভরসা করেছি। শিগগিরই তোমরা জানতে পারবে, কে সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। (৬৭:২৯, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
আগের আয়াতে প্রশ্ন করা হলো, আল্লাহর শাস্তি থেকে কে রক্ষা করবে?
আর এবার জানিয়ে দেওয়া হলো, মুমিনদের ভরসার জায়গা কোথায়!
آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا
আমরা তাঁর ওপর ঈমান এনেছি এবং তাঁরই ওপর ভরসা করেছি!
কী সুন্দর ঘোষণা!
তাফসিরে আস-সা'দীতে এসেছে, এখানে মুমিনদের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে— তাঁদের ঈমান ও তাওয়াক্কুল।
অর্থাৎ, আমরা শুধু মুখে বলব না যে আল্লাহকে বিশ্বাস করি। বরং জীবনের প্রতিটি পরিস্থিতিতে তাঁর ওপর নির্ভর করব, তাঁর নির্দেশ মেনে চলার চেষ্টা করব।
আর খেয়াল করুন, আল্লাহ এখানে আবার নিজের নাম ব্যবহার করলেন,
الرَّحْمَٰنُ — আর-রহমান!
পরম করুণাময়!
আহা! কত প্রশান্তির কথা! আমাদের ভরসার জায়গা সেই রব, যিনি পরম করুণাময়!
জীবনে কত অনিশ্চয়তা আসে! কত পরিকল্পনা ভেঙে যায়! কত দুশ্চিন্তায় মন ভারী হয়ে ওঠে! কিন্তু মুমিন জানে, আমার রব সবকিছু জানেন। আমার রব সবকিছুর ওপর ক্ষমতাবান। আর তিনি আমার প্রতি পরম দয়াময়!
তাই আমরা চেষ্টা করব, দুআ করব, তাঁর নির্দেশ মেনে চলব এবং ফলাফল তাঁর ওপর ছেড়ে দেব।
কিন্তু এত ক্ষমতার অধিকারী আল্লাহর ওপর আমাদের নির্ভরতা কত গভীর, সেটি বোঝাতে সূরার শেষ আয়াতে তিনি এমন একটি প্রশ্ন করলেন, যা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে পরিচিত একটি নিয়ামতের সঙ্গে জড়িত!
৩০তম আয়াত: আল্লাহ যদি পানি সরিয়ে নেন, তাহলে কে ফিরিয়ে আনবে?
قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ
বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি মাটির গভীরে চলে যায়, তাহলে কে তোমাদের জন্য প্রবহমান পানি এনে দেবে? (৬৭:৩০, ভাবানুবাদ)
সুবহানআল্লাহ!
কী অসাধারণ একটি প্রশ্ন দিয়ে আল্লাহ সূরা মূলক শেষ করলেন!
পুরো সূরাজুড়ে আল্লাহ আমাদের নিজের ক্ষমতা, সৃষ্টি, জীবন-মৃত্যু, নিরাপত্তা, রিজিক, শাস্তি ও আখিরাতের কথা জানালেন।
আর সবশেষে প্রশ্ন করলেন, তোমাদের পানি যদি মাটির গভীরে চলে যায়, কে তা ফিরিয়ে আনবে?
তাফসিরে ইবন কাসীরে ব্যাখ্যা করা হয়েছে, এখানে এমন পানির কথা বলা হয়েছে, যা মাটির এত গভীরে চলে যায় যে মানুষ আর তা সংগ্রহ করতে পারে না। আল্লাহ ছাড়া কে সেই পানির ব্যবস্থা করে দিতে পারে?
একটু ভাবুন তো!
আমরা প্রতিদিন কত সহজে পানি ব্যবহার করি!
সকালে ঘুম থেকে উঠে মুখ ধুই, অজু করি, পানি পান করি, রান্না করি, বাসন ধুই।
কিন্তু কখনো কি ভেবেছি, এই পানিটুকু যদি না থাকত?
আমাদের এত প্রযুক্তি, এত সম্পদ, এত আয়োজন এগুলোর কিছুই তো আল্লাহর দেওয়া পানির বিকল্প হতে পারত না!
আর দেখুন, সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন,
تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ
কত বরকতময় তিনি, যাঁর হাতে সমস্ত রাজত্ব!
আর শেষ আয়াতে এসে যেন সেই ঘোষণারই এক বাস্তব উদাহরণ সামনে আনলেন!
যাঁর হাতে সমস্ত রাজত্ব, আমাদের এক গ্লাস পানির ব্যবস্থাও তাঁরই হাতে!
আহা! কত সুন্দরভাবে সূরাটি শেষ হলো!
এখানে আল্লাহ প্রশ্ন করলেন, কিন্তু উত্তরটি আমাদের নিজেদেরই উপলব্ধি করতে বললেন।
কে আমাদের পানি ফিরিয়ে আনবে?
আল্লাহ ছাড়া আর কে!
তাহলে আমরা সেই রবকে ভুলে থাকি কীভাবে? কীভাবে তাঁর ইবাদাত ছেড়ে আমরা গাফেলতিতে ডুবে থাকতে পারি?
এবার শেষ ৯ টি আয়াত একসঙ্গে একটু রিভিশন করে নিই!
২২: সত্য প্রত্যাখ্যানকারী ও সত্য অনুসরণকারীর পার্থক্য বোঝাতে দুটি পথিকের উপমা দেওয়া হলো।
২৩: সঠিক পথ উপলব্ধির জন্য আল্লাহ আমাদের কান, চোখ ও অন্তর দিয়েছেন। অথচ আমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করি।
২৪: তিনিই মানুষকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। একদিন সবাইকে তাঁর কাছেই একত্র করা হবে।
২৫: অবিশ্বাসীরা প্রশ্ন করে, সেই প্রতিশ্রুত দিন কবে আসবে?
২৬: এর নির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। রাসূলুল্লাহ ﷺ-এর দায়িত্ব সুস্পষ্ট সতর্কবার্তা পৌঁছে দেওয়া।
২৭: শাস্তি সামনে দেখলে অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে।
২৮: রাসূলুল্লাহ ﷺ ও তাঁর অনুসারীদের ধ্বংস কামনা করলেও অবিশ্বাসীরা নিজেদের শাস্তি থেকে রক্ষা পাবে না।
২৯: মুমিনদের ঘোষণা—আমরা পরম করুণাময়ের ওপর ঈমান এনেছি এবং তাঁরই ওপর ভরসা করেছি।
৩০: আল্লাহ পানি মাটির গভীরে সরিয়ে নিলে, তিনি ছাড়া আর কে আমাদের জন্য পানির ব্যবস্থা করতে পারবে?
এবার আয়াতের সংযোগগুলো এক নজরে দেখুন!
(২১) আল্লাহ রিজিক বন্ধ করে দিলে কে দেবে? কেউই নয়! তবুও অবাধ্যরা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখে।
→ (২২) তাহলে সঠিক পথে কে? যে আল্লাহর দেখানো সরল পথে চলে।
→ (২৩) সেই পথ চেনার উপায় কী? আল্লাহর দেওয়া কান, চোখ ও অন্তরকে সঠিকভাবে ব্যবহার করা।
→ (২৪) যিনি এসব দিয়েছেন, তাঁর কাছে কি ফিরতে হবে? হ্যাঁ, সবাইকে তাঁর কাছে একত্র করা হবে।
→ (২৫) অবিশ্বাসীরা কী প্রশ্ন করে? সেই দিন কবে আসবে?
→ (২৬) এর সময় কে জানেন? একমাত্র আল্লাহ।
→ (২৭) সেই শাস্তি সামনে দেখলে কী হবে? অবিশ্বাসীদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে।
→ (২৮) অন্যের ধ্বংস কামনা করে কি নিজেদের রক্ষা করা যাবে? না, আল্লাহর শাস্তি থেকে কেউ স্বাধীনভাবে রক্ষা করতে পারবে না।
→ (২৯) তাহলে মুমিনের ভরসা কোথায়? পরম করুণাময় আল্লাহর ওপর!
→ (৩০) তাঁর ওপর আমাদের নির্ভরতা কত গভীর? তিনি পানি সরিয়ে নিলে অন্য কেউ স্বাধীনভাবে তা ফিরিয়ে আনতে পারবে না!
মাত্র নয়টি আয়াত! অথচ কতটা গভীর শিক্ষা!
একটু ভাবুন তো!
আল্লাহ আমাদের সঠিক পথ দেখিয়েছেন। সেই পথ চিনতে কান, চোখ ও অন্তর দিয়েছেন। পৃথিবীতে জীবন দিয়েছেন, আবার একদিন তাঁর কাছেই ফিরতে হবে বলে সতর্ক করেছেন!
তারপর শিখিয়েছেন, আমাদের প্রকৃত ভরসার জায়গা একমাত্র তিনিই!
আর সবশেষে পানির মতো সাধারণ একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে যেন আমাদের অন্তরকে প্রশ্ন করলেন—
তোমরা কি এখনও বুঝতে পারছ না, তোমাদের সবকিছুই আমার ওপর নির্ভরশীল?
আহা! কী হৃদয় ছুঁয়ে যাওয়া সমাপ্তি!
আমরা তো অনেকেই রাতে ঘুমানোর আগে সূরা মূলক পড়ি। কিন্তু আজ থেকে যখন এই সূরাটি পড়ব, তখন কি একটু অন্যভাবে ভাবতে পারি না?
এই যে আমার জীবন, আমার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, আমার নিরাপত্তা, আমার খাবার, এমনকি এক গ্লাস পানিও এগুলো সবই তো আমার রবের দেওয়া!
যিনি আমাকে এত কিছু দিয়েছেন, তাঁর জন্য আমি কী করছি?
আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমাদের কান, চোখ ও অন্তরকে তাঁর সন্তুষ্টির কাজে ব্যবহার করার তাওফিক দিন। তাঁর প্রতি কৃতজ্ঞ ও তাঁর ওপর ভরসাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন।
আমাদের জীবনগুলোকে উত্তম আমল দিয়ে সাজিয়ে দিন। কিয়ামতের দিনের ভয়াবহ আফসোস থেকে রক্ষা করুন।
আমীন, ইয়া রব্বাল আলামীন।
আলহামদুলিল্লাহ! এভাবেই আমরা সূরা আল-মুলকের ৩০টি আয়াতের নোট শেষ করলাম! অভিনন্দন আপনাকে!
তথ্যসূত্র
১. আল-কুরআনুল কারীম: সূরা আল-মুলক (৬৭:২২–৩০)।
২. তাফসির ইবন কাসীর: (৬৭:২২)—মুমিন ও কাফিরের উপমা; (৬৭:২৩–২৪)—শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, অন্তর ও পুনরুত্থান; (৬৭:২৫–২৭)—কিয়ামতের সময় ও শাস্তি প্রত্যক্ষ করার পরিণতি; (৬৭:২৮–৩০)—রাসূলুল্লাহ ﷺ-কে দেওয়া নির্দেশ, ঈমান, তাওয়াক্কুল ও পানির নিয়ামত।
৩. তাফসির আস-সা'দী: (৬৭:২২–২৪)—সঠিক পথ, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা ও পুনরুত্থান; (৬৭:২৫–২৭)—সত্য অস্বীকারকারীদের প্রশ্ন ও পরিণতি; (৬৭:২৮–৩০)—আল্লাহর সাহায্য, ঈমান, তাওয়াক্কুল ও পানির নিয়ামতের মাধ্যমে তাঁর একক ক্ষমতার প্রমাণ।
দ্রষ্টব্য: আয়াতের অনুবাদগুলো সহজবোধ্য ভাবানুবাদ। মূল ব্যাখ্যা স্বীকৃত তাফসিরের আলোকে উপস্থাপন করা হয়েছে। আয়াতগুলোর পারস্পরিক ধারাবাহিকতা নাজম ও মুনাসাবার আলোকে ব্যাখ্যা করা হয়েছে। সব সংযোগই যে তাফসিরকারদের সরাসরি বক্তব্য, এমন দাবি করা হচ্ছে না। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
তাফসির যাচাইয়ের সরাসরি সূত্র:
মন্তব্য
আরও পড়ুন
সূরা আল-মুলক নোট (আয়াত ১–১০)
সূরা আল-মুলকের প্রথম ১০ আয়াত: সবকিছুর মালিক কে, জীবন-মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির নিখুঁততা আর অস্বীকারকারীদের পরিণতি — আয়াত ধরে ধরে আলোচনা ও রিভিশন।
MD MAYEEN UDDIN👁 ০সূরা আল-মুলক নোট (আয়াত ১১–২১)
সূরা আল-মুলকের ১১–২১ আয়াত: না দেখে আল্লাহকে ভয় করার পুরস্কার, গোপন কথাও আল্লাহর জানা, পৃথিবীকে সহজ করে দেওয়া ও রিজিকের মালিক — আয়াত ধরে ধরে আলোচনা।
MD MAYEEN UDDIN👁 ০সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস নোট
সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস: নবীজির ﷺ চাচা আবু লাহাবের পরিণতি থেকে শিক্ষা, আর তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণ ঘোষণা — আয়াত ধরে ধরে আলোচনা।
MD MAYEEN UDDIN👁 ৯সূরা আল-ফাতিহা নোট
সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের সহজ ব্যাখ্যা — রবের দয়া, প্রতিপালন ও বিচার দিবসের মালিকানা, আর সরল পথের দোয়া; সাথে আয়াতগুলোর ধারাবাহিকতা ও পরের সূরার সাথে সম্পর্ক।
MD MAYEEN UDDIN👁 ১