কুরআনের তাফসীর / দারস · সূরা আল-ফাতিহা: আয়াত ১–৭

সূরা আল-ফাতিহা নোট

MD MAYEEN UDDINMD MAYEEN UDDINতাফসীরকারকের পরিচিতি ↗১২ নভেম্বর, ২০২৬⏱ ৭ মিনিটে পড়া👁 ১

সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের সহজ ব্যাখ্যা — রবের দয়া, প্রতিপালন ও বিচার দিবসের মালিকানা, আর সরল পথের দোয়া; সাথে আয়াতগুলোর ধারাবাহিকতা ও পরের সূরার সাথে সম্পর্ক।

📑 সূচিপত্র (১০)
  1. ভূমিকা
  2. এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
  3. সূরা ফাতিহার সাথে পরের সূরার সম্পর্ক

ভূমিকা

সূরা ফাতিহা! ছোটবেলা থেকেই কতবার পড়েছি আমরা এই সূরাটি! প্রতিদিন সালাতের প্রতিটি রাকাতে পড়ি। মাত্র ৭টি আয়াতের ছোট্ট একটি সূরা, অথচ এর মধ্যেই রয়েছে পুরো কুরআনের মূল শিক্ষার এক অসাধারণ সারসংক্ষেপ!

‘ফাতিহা’ অর্থ সূচনা বা উদ্বোধন। কুরআনের শুরুতেই এসেছে এই সূরা। একে ‘উম্মুল কুরআন’ বা কুরআনের মূলও বলা হয়।

কিন্তু কখনো কি ভেবে দেখেছি, আল্লাহ কেন সূরাটি শুরু করলেন নিজের নাম ও দয়ার পরিচয় দিয়ে? এরপর কেন প্রশংসা, তারপর আবার দয়া, তারপর বিচার দিবসের কথা বললেন? আর কেনই বা এত কিছুর পর আমাদের শেখালেন সঠিক পথের জন্য দোয়া করতে?

আসুন, আজ একটু গভীরভাবে সূরা ফাতিহা পড়ি!

১ম আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অর্থাৎ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

কী সুন্দর সূচনা! আমাদের জীবনের প্রতিটি ভালো কাজ যেন শুরু হয় সেই রবের নামে, যিনি পরম দয়ালু। এখানে আমরা প্রথমেই পরিচিত হচ্ছি আমাদের রবের দয়ার সঙ্গে।

২য় আয়াতে এরপর এসেছে ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন’ অর্থাত্ম সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক।

প্রথমে আল্লাহর নামে শুরু করলাম। এবার তাঁর প্রশংসা করছি। কিন্তু কেন তাঁর প্রশংসা করব? কারণ তিনি আমাদের রব! শুধু আমার কিংবা আপনার নন, সমগ্র সৃষ্টিজগতের রব। যিনি সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, প্রতিপালন করছেন, তাঁর প্রশংসা না করে কি থাকা সম্ভব?

৩য় আয়াতে আবার এসেছে ‘আর-রাহমানির রাহিম’ এর অর্থ পরম করুণাময়, অসীম দয়ালু।

লক্ষ করুন, ১ম আয়াতেও আল্লাহর দয়ার কথা এসেছে। এবার আবার কেন?

২য় আয়াতে আমরা জানলাম, তিনি আমাদের প্রতিপালক। আর ৩য় আয়াতে তাঁর দয়ার গুণটি আবার সামনে এসেছে। আমাদের রব শুধু ক্ষমতাবান প্রতিপালকই নন, তিনি অসীম দয়ালুও!

৪র্থ আয়াতে এরপর এসেছে ‘মালিকি ইয়াওমিদ্দিন’ অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক।

এখানে কী সুন্দর একটি পরিবর্তন! এতক্ষণ জানলাম তাঁর দয়া ও প্রতিপালনের কথা। এবার জানলাম, তিনিই বিচার দিবসের মালিক। একদিন আমাদের সব কাজের হিসাব দিতে হবে তাঁর কাছে। অর্থাৎ যেন আল্লাহর দয়ার কথা শুনে আমাদের মনে না হয় যে, আমি যা ইচ্ছা তাই ভুল করতেই পারি, আল্লাহ তো ক্ষমা করেই দিবেন – এমন ভুল ধারণা যেন না হয়, সেজন্য আল্লাহ আমাদের মনে করিয়ে দিলেন যে, তাঁর সামনে দাঁড়িয়ে একদিন হিসাব দিতে হবে সব কাজের!

এভাবেই আল্লাহর দয়ার আশা এবং তাঁর বিচারের ভয় – এই দুটি বিষয়ই আমাদের সামনে আসে। যেন আমরা তাঁর রহমত থেকে কখনো নিরাশ না হই, আবার নিজেদের জবাবদিহির কথাও ভুলে না যাই। অসাধারণ এই ভারসাম্যের শিক্ষা আপনি প্রতিদিন প্র্যাকটিস করছেন সুরা ফাতিহা পড়ার মাধ্যমে! কখনো ভেবে দেখেছেন এই ভারসাম্য আপনার জীবনে আদৌ আছে কি না?

এবার ৫ম আয়াতে এসে সূরাটির ভাষায় এক অসাধারণ পরিবর্তন ঘটে!

এতক্ষণ আমরা আল্লাহ সম্পর্কে বলছিলাম, তিনি রব, তিনি দয়ালু, তিনি বিচার দিবসের মালিক।

এবার আমরা সরাসরি তাঁকেই সম্বোধন করছি! তাঁকেই ডেকে সরাসরি কথা বলছি এখন,

‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন’—আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই।

কী সুন্দর ধারাবাহিকতা! প্রথমে রবের পরিচয় জানলাম, তাঁর প্রশংসা করলাম। আর এবার সেই রবের সামনে দাঁড়িয়ে নিজের আনুগত্যের ঘোষণা দিলাম। অর্থাৎ আল্লাহর পরিচয় ঠিক মত জানার এবং বোঝার পরে তাঁর সাথে কথা না বলে থাকা যায় না! তাঁর ইবাদাত না করে থাকা যায় না! তাঁর সাহায্য না চেয়ে থাকা যায় না! সুবহানআল্লাহ!

লক্ষ করুন, এখানে আগে ইবাদতের কথা, তারপর সাহায্যের কথা এসেছে। কারণ, তাঁর ইবাদত করাই আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু সেই ইবাদত ঠিকভাবে করতেও তো তাঁর সাহায্য প্রয়োজন! আগে আমাকে আমার কাজ এবং আমল করার প্রচেষ্টা করতে হবে, এরপর আমি সাহায্য পাওয়ার যোগ্য হবো! সুবহানআল্লাহ! কোন কাজ না করে অলস হয়ে বসে কেবল সাহায্য চাইলেও তো হবে না!

৬ষ্ঠ আয়াতে তাই এবার আমরা সরাসরি সাহায্য চেয়ে দোয়া করছি।

‘ইহদিনাস সিরাতাল মুস্তাকিম’, রব! আমাদের সরল সঠিক পথ দেখাও।

কী আশ্চর্য! আমরা আল্লাহর কাছে কত কিছুই না চাইতে পারতাম! অথচ এই সূরায় তিনি আমাদের সর্ব প্রথম যে দোয়াটি শিখিয়েছেন, সেটি হলো হেদায়েতের দোয়া। সঠিক দিকনির্দেশনার দুআ – এই এক জিনিস পেয়ে গেলে যেন দুনিয়ার সকল কল্যাণ পাওয়া হয়ে গেল, তাই না?

কারণ সঠিক পথ না পেলে দুনিয়ার সবকিছু পেয়েও তো আমার অশান্তি লাগবে! হিদায়াত ছাড়া তো আমরা জীবনের আসল উদ্দেশ্যকেই হারিয়ে ফেলতে পারি।

আর আমরা যারা ইতোমধ্যে মুসলিম, তারাও কেন প্রতিদিন এই দোয়া করছি? কারণ শুধু সঠিক পথ চিনলেই হয় না, সেই পথে চলতে এবং অটল থাকতেও আল্লাহর সাহায্য প্রয়োজন। একবার হিদায়াত এর বুঝ পেলেই কাজ শেষ না। বরং এর যাত্রা আরও জোরালোভাবে এখন শুরু এই হিদায়াত ধরে রাখতে!

৭ম আয়াতে এসে এবার আল্লাহ আমাদের শেখালেন, সেই সঠিক পথটি আসলে কেমন।

‘তাদের পথ, যাদের তুমি নিয়ামত দিয়েছ। তাদের পথ নয়, যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে কিংবা পথভ্রষ্ট হয়েছে।’

অর্থাৎ, শুধু সঠিক পথ চাইলেই শেষ নয়। আমরা জানতে চাই, কাদের অনুসরণ করে সেই পথে চলব এবং কোন ভুলগুলো থেকে নিজেদের রক্ষা করব।

কুরআনের অন্যত্র (সূরা আন-নিসা, ৪:৬৯) আল্লাহর অনুগ্রহপ্রাপ্তদের মধ্যে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের কথা এসেছে।

আর বিপরীতে রয়েছে সত্য জানার পরও তা অমান্য করা এবং সত্য থেকে পথভ্রষ্ট হওয়ার বিপদ। এখানে বলতে যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে সাধারণত ইহুদিদের এবং পথভ্রষ্ট বলতে সাধারণত নাসারা/খিস্টানদের বোঝায়।

তাফসিরে ইবনে কাসিরের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘যারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে’ বলতে বিশেষভাবে ইহুদিদের এবং ‘যারা পথভ্রষ্ট হয়েছে’ বলতে খ্রিস্টানদের বোঝানো হয়েছে। ইহুদিদের মধ্যে সত্য জেনেও সেই অনুযায়ী আমল না করার প্রবণতা ছিল, আর খ্রিস্টানদের মধ্যে সঠিক জ্ঞানের অভাবে ইবাদত-বন্দেগিতে পথভ্রষ্ট হওয়ার প্রবণতা ছিল। কিন্তু একটু ভেবে দেখুন তো, আমাদের জীবনেও কি এমনটা ঘটে না? কখনো আমাদের অনেক জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞানের সঠিক প্রয়োগ থাকে না। আবার কখনো অনেক আমল করি, কিন্তু সেই আমলের পেছনে সঠিক জ্ঞান থাকে না! তাই এই আয়াতে আমরা আল্লাহর কাছে শুধু সঠিক পথই চাইছি না, বরং সঠিক জ্ঞান অর্জন এবং সেই জ্ঞান অনুযায়ী সঠিকভাবে আমল করার তাওফিকও চাইছি। কারণ হেদায়েতের পথে চলতে হলে জ্ঞান ও আমল—দুটোই প্রয়োজন!

কী গভীর শিক্ষা!

শুধু সত্য জানা যথেষ্ট নয়, সেই সত্য অনুযায়ী জীবন গড়াটাও জরুরি।

এভাবেই সাতটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদের প্রথমে তাঁর পরিচয় জানালেন, এরপর তাঁর ইবাদতের অঙ্গীকার শেখালেন, তারপর সেই অঙ্গীকার পূরণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় দোয়াটি শিখিয়ে দিলেন!

এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা

১: আল্লাহর নামে শুরু → তাঁর পরিচয় জানার সূচনা।

↓

২: কেন তাঁর প্রশংসা? → কারণ তিনিই সমগ্র জগতের রব।

↓

৩: সেই রব কেমন? → তিনি পরম দয়ালু। আমাকে তাঁর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।

↓

৪: শুধু দয়ালুই নন → তিনিই বিচার দিবসের মালিক। অতএব আমাকে সাবধান হতে হবে!

↓

৫: এমন রবকে চিনে আমাদের অঙ্গীকার → একমাত্র তাঁরই ইবাদত ও তাঁরই সাহায্য চাই।

↓

৬: সবচেয়ে জরুরি সাহায্য কী? → সঠিক পথে চলার হেদায়েত।

↓

৭: সেই পথ কোনটি? → আল্লাহর অনুগ্রহপ্রাপ্তদের পথ, বিচ্যুতদের নয়।

প্রিয় পাঠক, সহিহ মুসলিমের একটি হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন সালাতে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তার প্রশংসা ও দোয়ার জবাব দেন। (সহিহ মুসলিম, ৩৯৫)

একবার ভাবুন তো! আমরা প্রতিদিন কতবার এই সূরাটি পড়ে যাই, অথচ হয়তো খেয়ালই করি না, আমাদের রবের সঙ্গে কত সুন্দর একটি কথোপকথনের সুযোগ পাচ্ছি!

তাহলে আগামী সালাতে সূরা ফাতিহা পড়ার সময় একটু ধীরে সুস্থে বুঝে বুঝে পড়ব, কেমন?

আল্লাহ যেন আমাদের প্রতিটি ফাতিহাকে অর্থপূর্ণ করে দেন। আমিন।

সূরা ফাতিহার সাথে পরের সূরার সম্পর্ক

সূরা ফাতিহা আর সূরা বাকারার মধ্যেও কী চমৎকার সম্পর্ক! ফাতিহায় আমরা আল্লাহর কাছে আকুল হয়ে চাইলাম, ‘আমাদের সরল পথ দেখাও।’ আর ঠিক পরের সূরা বাকারার শুরুতেই আল্লাহ জানিয়ে দিলেন, ‘এ সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য পথনির্দেশ।’ (বাকারা ২:২)

কী সুন্দর! ফাতিহায় আমরা হিদায়াত চাইলাম, আর বাকারার শুরুতেই সেই হিদায়াতের উৎস হিসেবে কুরআনের পরিচয় পেলাম! যেন বান্দার দুআর পরই আল্লাহ জানিয়ে দিলেন, সঠিক পথ খুঁজতে হলে তাঁর কালামের দিকেই ফিরতে হবে। এবং সূরা বাকারাহ জুড়ে এই হিদায়াত ধরে রাখার আমলগুলো নিয়ে বিস্তারিত খুঁটিনাটি আছে, সেই সাথে হিদায়াতের বিপরীতে মানুষ কি ধরণের আচরণ করে, - ইমানদার, মুনাফিক এবং কাফির হয়ে - এই তিন শ্রেণীর মানুষ নিয়েও বিস্তারিত উল্লেখ আছে! সুবহানাল্লাহ!

অর্থাৎ সূরা ফাতিহাতে যেই দুআ পড়লাম, বাকারাহতে সেই দুআর উত্তর এবং বিস্তারিত পেলাম!

সুবহানাল্লাহ!

সুবহানাল্লাহ!

সামনে এভাবেই আমরা কুরআন নোটের মাধ্যমে আল্লাহর কালামের গভীরতা বোঝার আনন্দ এবং প্রশান্তি পেতে থাকবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন, প্রিয় পাঠক!

__________________________________________________________

রেফারেন্স: সূরা আল-ফাতিহা ১:৭; জামে আত-তিরমিজি, হাদিস ২৯৫৪ (হাসান); তাফসিরে ইবনে কাসির, সূরা ফাতিহা, আয়াত ৭।

শেয়ার করুন:

মন্তব্য

আরও পড়ুন

القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা ফালাক: আয়াত ১–৫ | সূরা নাস: আয়াত ১–৬

সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নোট

সূরা আল-ফালাক ও আন-নাস: কোন কোন অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইতে হয় — রাতের অন্ধকার, গোপন ক্ষতি, হিংসা আর অন্তরের কুমন্ত্রণা; আয়াত ধরে ধরে ব্যাখ্যা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ০
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা লাহাব: আয়াত ১–৫ | সূরা ইখলাস: আয়াত ১–৪

সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস নোট

সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস: নবীজির ﷺ চাচা আবু লাহাবের পরিণতি থেকে শিক্ষা, আর তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণ ঘোষণা — আয়াত ধরে ধরে আলোচনা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ৯
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা আল-মুযযাম্মিল (৭৩)

সূরা আল-মুযযাম্মিল

সূরা আল-মুযযাম্মিলের নামকরণ, শানে নুযূল, পটভূমি ও বিষয়বস্তু, এবং আয়াত ধরে ধরে অনুবাদ ও তাফসীর।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ২
القرآن
কুরআনের তাফসীর / দারস · সূরা লুকমান (৩১): আয়াত ১২–১৯

দারসুল কুরআন: সূরা লুকমান, দ্বিতীয় রুকু (আয়াত ১২–১৯)

লুকমান হাকীমের তাঁর পুত্রকে দেওয়া উপদেশ — আকীদা, নামাজ, সৎ কাজের আদেশ, ধৈর্য ও সামাজিক শিষ্টাচার: আয়াত, অনুবাদ, সূরা পরিচিতি, ব্যাখ্যা ও শিক্ষা।

MD MAYEEN UDDINMD MAYEEN UDDIN👁 ১