কুরআনের তাফসীর / দারস · সূরা ফালাক: আয়াত ১–৫ | সূরা নাস: আয়াত ১–৬
সূরা আল-ফালাক ও সূরা আন-নাস নোট
সূরা আল-ফালাক ও আন-নাস: কোন কোন অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইতে হয় — রাতের অন্ধকার, গোপন ক্ষতি, হিংসা আর অন্তরের কুমন্ত্রণা; আয়াত ধরে ধরে ব্যাখ্যা।
📑 সূচিপত্র (১৯)
- ভূমিকা
- প্রথম অংশ: সূরা আল-ফালাক (১–৫)
- ২য় আয়াত: কোন কোন অনিষ্ট থেকে আশ্রয় চাইব?
- ৩য় আয়াত: রাতের অন্ধকারের কথা আলাদাভাবে কেন এল?
- ৪র্থ আয়াত: গোপনে কেউ ক্ষতি করতে চাইলে?
- ৫ম আয়াত: মানুষের হিংসা থেকেও আশ্রয় চাইতে হবে কেন?
- দ্বিতীয় অংশ: সূরা আন-নাস (১–৬)
- ১ম আয়াত: এবার কেন মানুষের রবের কাছে আশ্রয়?
- ২য় আয়াত: যিনি আমার রব, তিনিই কি আমার অধিপতি নন?
- ৩য় আয়াত: আমার ইবাদত ও নির্ভরতার কেন্দ্র কে?
- ৪র্থ আয়াত: অন্তরে কুমন্ত্রণা দেয় কে?
- ৫ম আয়াত: এই কুমন্ত্রণা কোথায় পৌঁছায়?
- ৬ষ্ঠ আয়াত: কুমন্ত্রণা কি শুধু জিন শয়তানই দেয়?
- এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
- শেষ কথা
- তথ্যসূত্র
ভূমিকা
ছোটবেলা থেকেই তো আমরা সূরা ফালাক ও সূরা নাস পড়ে আসছি। কুরআনের একেবারে শেষের দুটি সূরা! মাত্র ১১টি আয়াত। অথচ এই ছোট্ট দুটি সূরায় আল্লাহ আমাদের শিখিয়েছেন জীবনের দৃশ্যমান ও অদৃশ্যমান বিপদ থেকে তাঁর কাছে আশ্রয় চাওয়ার অসাধারণ কিছু পদ্ধতি।
হাদিসে এই দুটি সূরাকে বলা হয়েছে মুআউউিযাতাইন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুটি সূরা। রাসূলুল্লাহ ﷺ ঘুমানোর আগে সূরা ইখলাসের সঙ্গে এই দুটি সূরা পড়ে নিজের শরীরে মাসেহ করতেন। (সহিহ বুখারি: ৫০১৭)
প্রিয় পাঠক, কখনো কি আপনি ভেবে দেখেছেন? আল্লাহ কেন সূরা ফালাকে প্রথমে প্রভাতের রবের কথা বললেন? তারপর কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট, রাতের অন্ধকার, জাদু ও হিংসার কথা আনলেন? আর এরপরই কেন সূরা নাসে আবার আশ্রয় চাইতে শিখিয়ে মানুষের অন্তরের কুমন্ত্রণার কথা বললেন?
আসুন, আজকে আমরা এই দুটি সূরার আয়াতগুলো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি।
প্রথম অংশ: সূরা আল-ফালাক (১–৫)
১ম আয়াত: বিপদে পড়লে আমি কার কাছে আশ্রয় চাইব?
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
অর্থ: বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। (সূরা আল-ফালাক: ১)
আল্লাহ সূরাটি শুরু করলেন একটি নির্দেশ দিয়ে, ‘বলুন, আমি আশ্রয় চাই।’
লক্ষ করুন, আল্লাহ কিন্তু প্রথমেই বিপদের কথা বলেননি। বরং বিপদের কথা বলার আগেই জানিয়ে দিলেন, কার কাছে আমাদের আশ্রয় চাইতে হবে!
এখানে ‘ফালাক’ বলতে প্রভাতের উদয়কে বোঝানো হয়েছে। যিনি রাতের অন্ধকার ভেদ করে সকাল নিয়ে আসেন, তিনিই আমাদের রব।
কী সুন্দর একটি শুরু!
আমরা কখনো বিপদের ভয়ে অস্থির হই, কখনো মানুষের অনিষ্টের আশঙ্কায় উদ্বিগ্ন হই। অথচ আল্লাহ প্রথমেই আমাদের দৃষ্টি ফিরিয়ে দিলেন নিজের দিকে। যিনি সকল অন্ধকার ফুঁড়ে আলো নিয়ে আসতে পারেন পৃথিবীতে, তিনিই আমার সকল সমস্যার সমাধানের জন্য যথেষ্ট হবেন।
তিনিই তো আমার জীবন থেকে সকল অন্ধকার দূর করতে পারবেন। তাঁর কাছে অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। কিন্তু কীসের অনিষ্ট?
২য় আয়াত: কোন কোন অনিষ্ট থেকে আশ্রয় চাইব?
مِن شَرِّ مَا خَلَقَ
অর্থ: তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। (সূরা আল-ফালাক: ২)
প্রথম আয়াতে আল্লাহ শিখিয়েছেন, কার কাছে আশ্রয় চাইতে হবে। এবার জানাচ্ছেন, কী থেকে আশ্রয় চাইতে হবে।
সৃষ্টিজগতের সবকিছুই আল্লাহর সৃষ্টি। কিন্তু সেই সৃষ্টির মধ্যে এমন অনেক কিছু রয়েছে, যার মাধ্যমে আমাদের ক্ষতি হতে পারে।
তাই আল্লাহ কোনো একটি বিপদের নাম না বলে প্রথমেই সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইতে শিখিয়েছেন।
সৃষ্টির মধ্যে যেখানেই ক্ষতির আশঙ্কা রয়েছে, সেখান থেকে আমরা স্রষ্টার কাছেই নিরাপত্তা চাইছি। এগুলোর মালিকও তো তিনিই এক আল্লাহ!
কী প্রশান্তির কথা দেখুন!
যে বিপদ সম্পর্কে আমি জানি, এমনকি যে বিপদ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই এগুলো সবকিছু থেকেই আমি আমার রবের আশ্রয় চাইতে পারি। কোন কিছুই তো তাঁর আওতার বাইরে যাবে না।
৩য় আয়াত: রাতের অন্ধকারের কথা আলাদাভাবে কেন এল?
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অর্থ: আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, যখন তা ঘনিয়ে আসে। (সূরা আল-ফালাক: ৩)
আগের আয়াতে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হলো। এবার আল্লাহ সেই ব্যাপক আলোচনার মধ্যে একটি বিশেষ পরিস্থিতির কথা বলছেন, রাতের অন্ধকার।
তাফসিরে ইবনে কাসির ও তাবারিতে ‘গাসিক’ সম্পর্কে রাতের অন্ধকারসহ আরও কিছু ব্যাখ্যা এসেছে। রাতের অন্ধকার ঘনিয়ে আসা এর একটি সুপরিচিত ব্যাখ্যা।
রাতে অনেক বিপদ আড়ালে থাকতে পারে। অন্ধকারে ক্ষতিকর প্রাণী কিংবা অনিষ্টকারী মানুষের ক্ষতি করার সুযোগও তৈরি হতে পারে। অপরাধীরা রাতের অন্ধকারকেই অপরাধ করার জন্য বেছে নেয়।
একটু ভেবে দেখুন, যে রাত আমাদের বিশ্রাম দেয়, সেই রাতেই কিছু বিপদ আমাদের অজান্তে কাছে চলে আসতে পারে।
তাই আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন, অদৃশ্য বিপদের আশঙ্কাতেও যেন আমরা তাঁর আশ্রয় চাইতে ভুলে না যাই।
৪র্থ আয়াত: গোপনে কেউ ক্ষতি করতে চাইলে?
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
অর্থ: আর গিঁটে ফুঁ দিয়ে জাদু করে এমন জাদুকরীদের অনিষ্ট থেকে। (সূরা আল-ফালাক: ৪)
আগের আয়াতে রাতের অন্ধকারে সংঘটিত হতে পারে এমন অনিষ্টের কথা এসেছে। এবার আল্লাহ এমন এক ক্ষতির কথা বলছেন, যা মানুষের চোখের আড়ালে সংঘটিত হতে পারে।
এখানে গিঁটে ফুঁ দিয়ে জাদুকর্ম করার বিশেষ পদ্ধতির কথা বলা হয়েছে। এই বিশেষ ধরণের কালো জাদু করা আমাদের বাংলাদেশেও এখন অনেক প্রচলিত। এগুলো করে অনেকেই অন্য মানুষের ক্ষতি করছে, জমি-জমা হাতিয়ে নিতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি … তাফসিরে ইবনে কাসির, তাবারি ও সা'দিতে আয়াতটির এই অর্থই ব্যাখ্যা করা হয়েছে।
জাদু এমন একটি বিষয়, যার ক্ষতি সম্পর্কে মানুষ সবসময় আগে থেকে জানতে কিংবা বুঝতে পারে না।
তাই আল্লাহ আমাদের শেখাচ্ছেন, অন্যের গোপন অনিষ্টকর প্রচেষ্টা থেকেও তাঁর কাছে আশ্রয় চাইতে হবে।
তবে আমাদের মনে রাখতে হবে, প্রতিটি অসুবিধা বা অসুস্থতাকে জাদুর ফল বলে ধরে নেওয়ার কোনো ভিত্তি এই আয়াতে নেই।
৫ম আয়াত: মানুষের হিংসা থেকেও আশ্রয় চাইতে হবে কেন?
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
অর্থ: আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। (সূরা আল-ফালাক: ৫)
প্রথমে সমস্ত সৃষ্টির অনিষ্ট, তারপর রাতের অন্ধকার, এরপর জাদুর ক্ষতি আর এবার আল্লাহ বললেন মানুষের হিংসার কথা!
হিংসা এমন একটি অন্তরের ব্যাধি, যেখানে একজন মানুষ অন্যের নিয়ামত দেখে কষ্ট পায় এবং চায় সেই নিয়ামত তার কাছ থেকে দূর হয়ে যাক এটাই চাইতে থাকে।
এই হিংসা যখন ক্ষতি করার চেষ্টায় রূপ নেয়, তখন তা অন্যের জীবনে অনিষ্ট ডেকে আনতে পারে। তাই আল্লাহ হিংসুকের অনিষ্ট থেকেও আশ্রয় চাইতে শিখিয়েছেন। এমনকি এই যে এত কালো জাদুর মতন জঘন্য কাজ করা, এটাও অনেকে করে হিংসার আগুনে জ্বলে পুরে অন্ধ হয়ে! আল্লাহ যেন আমাদের রক্ষা করেন!
তবে এখানেও আমাদের নিজের জন্যও একটি সুন্দর আত্মজিজ্ঞাসা রয়েছে।
আমি তো অন্যের হিংসা থেকে আল্লাহর আশ্রয় চাইছি। কিন্তু আমার নিজের অন্তরও কি অন্যের নিয়ামত দেখে হিংসায় আক্রান্ত হচ্ছে? আমার নিজের কি কি আত্মশুদ্ধির জায়গা আছে এখানে? ভেবে দেখেছি কখনো?
কী গভীর শিক্ষা!
অন্যের অনিষ্ট থেকে বাঁচার পাশাপাশি নিজের অন্তরকেও হিংসামুক্ত রাখা প্রয়োজন। নিজের অনিষ্ট থেকেও নিজেকে বাঁচাতে হবে!
দ্বিতীয় অংশ: সূরা আন-নাস (১–৬)
এবার একটু লক্ষ করুন, সূরা ফালাক শেষ হলো হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে। হিংসা মানুষের অন্তরের একটি ব্যাধি, যা অন্যের ক্ষতির কারণ হতে পারে।
এরপর সূরা নাসে আল্লাহ আমাদের আরও এক অদৃশ্য বিপদ সম্পর্কে সতর্ক করছেন, অন্তরে আসা কুমন্ত্রণা।
অর্থাৎ দুটি সূরার পাশাপাশি বিন্যাস থেকে আমরা একটি সুন্দর সম্পর্ক উপলব্ধি করতে পারি। সূরা ফালাকে বাহ্যিক জীবনের নানা ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে, আর সূরা নাসে আমাদের নিজেদের ভেতরকার অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া হয়েছে!, অর্থাৎ বিশেষভাবে এমন কুমন্ত্রণা থেকে আশ্রয় চাওয়া হয়েছে, যা মানুষের অন্তরকে প্রভাবিত করে।
সুবহানআল্লাহ!
১ম আয়াত: এবার কেন মানুষের রবের কাছে আশ্রয়?
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
অর্থ: বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। (সূরা আন-নাস: ১)
কী সুন্দর মিল! সূরা ফালাক শুরু হয়েছিল ‘বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে’ দিয়ে।
এবার সূরা নাসও শুরু হলো সেই একই নির্দেশ দিয়ে। তবে এখানে আল্লাহ পরিচয় দিলেন ‘মানুষের রব’ হিসেবে।
কেন?
সূরা নাসের মূল আলোচনাই হলো মানুষের অন্তরে আসা কুমন্ত্রণা। তাই শুরুতেই আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে, মানুষের স্রষ্টা, পালনকর্তা ও প্রতিপালক হলেন আল্লাহ। পুরো মানুষের মালিকই আল্লাহ! তাহলে এই মানুষ নিজেরা নিজেদের অন্তর নিয়ন্ত্রণের করার জন্যেও আল্লাহর মুখাপেক্ষীই হতে হবে!
কারণ, আমার অন্তরের সমস্ত দুর্বলতা তিনি জানেন। সব খুঁটী-নাটি জানেন। তাই অন্তরের এই অদৃশ্য শত্রুর মোকাবিলায়ও আমাকে তাঁর কাছেই আশ্রয় চাইতে হবে। তাঁরই সাহায্য লাগবে!
২য় আয়াত: যিনি আমার রব, তিনিই কি আমার অধিপতি নন?
مَلِكِ النَّاسِ
অর্থ: মানুষের অধিপতির কাছে। (সূরা আন-নাস: ২)
প্রথম আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিলেন মানুষের রব হিসেবে। এবার বলছেন, তিনিই মানুষের প্রকৃত অধিপতি।
অর্থাৎ তিনি শুধু আমাদের সৃষ্টি ও প্রতিপালনই করেন না, মানুষের ওপর সর্বময় কর্তৃত্বও তাঁর।
পৃথিবীর মানুষ যত শক্তিশালীই হোক, কেউ আল্লাহর কর্তৃত্বের বাইরে নয়।
তাহলে মানুষের কিংবা শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে তাঁর চেয়ে উত্তম আশ্রয় আর কে হতে পারেন?
৩য় আয়াত: আমার ইবাদত ও নির্ভরতার কেন্দ্র কে?
إِلَٰهِ النَّاسِ
অর্থ: মানুষের উপাস্যের কাছে। (সূরা আন-নাস: ৩)
আগের দুই আয়াতে জানলাম, আল্লাহ মানুষের রব এবং অধিপতি। এবার তিনি জানাচ্ছেন, তিনিই মানুষের প্রকৃত উপাস্য। আমরা আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের নাফসের উপাসনা করি, শয়তানের কথায় কান দিই, অথচ ভুলে যাই যে, আল্লাহ ছাড়া আর কারো সামনে তো মাথা নত করার কথা নয়!
কী অসাধারণ ধারাবাহিকতা!
তিনি আমার রব, যিনি আমাকে প্রতিপালন করেন। তিনি আমার অধিপতি, যাঁর হাতে সমস্ত কর্তৃত্ব। আর তিনিই আমার একমাত্র উপাস্য, যাঁর ইবাদত ও আনুগত্য করা আমার কর্তব্য।
তাফসিরে ইবনে কাসিরে এই তিনটি পরিচয়কে আল্লাহর রবুবিয়্যাত, রাজত্ব ও উলুহিয়্যাতের গুণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
এভাবে পরপর তিনটি আয়াতে আল্লাহর পরিচয় তুলে ধরার পর এবার জানানো হচ্ছে, ঠিক কোন অনিষ্ট থেকে আমাদের আশ্রয় চাইতে হবে।
৪র্থ আয়াত: অন্তরে কুমন্ত্রণা দেয় কে?
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
অর্থ: সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় এবং পিছু হটে। (সূরা আন-নাস: ৪)
আল্লাহর তিনটি মহিমান্বিত পরিচয় উল্লেখ করার পর এবার এল সেই শত্রুর কথা, যার অনিষ্ট থেকে আমাদের আশ্রয় চাইতে হবে।
সে হলো ‘ওয়াসওয়াসিল খান্নাস’ – কুমন্ত্রণাদাতা, যে বারবার কুমন্ত্রণা দেয় এবং পিছু হটে।
তাফসিরে ইবনে কাসির ও সা'দিতে ব্যাখ্যা করা হয়েছে, শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, তখন সে পিছু হটে। সে তখন পালায়!
একটু ভেবে দেখুন, শয়তানের আক্রমণ সবসময় প্রকাশ্য হয় না। খুব সূক্ষ্ম এবং কৌশলী হয়! কখনো সে পাপকে আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করে, কখনো ভালো কাজকে কঠিন ও অনাকর্ষণীয় করে তোলে।
তাই এই শত্রুর মোকাবিলায় আল্লাহর স্মরণ ও তাঁর আশ্রয় কতটা প্রয়োজন!
৫ম আয়াত: এই কুমন্ত্রণা কোথায় পৌঁছায়?
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
অর্থ: যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। (সূরা আন-নাস: ৫)
আগের আয়াতে আল্লাহ কুমন্ত্রণাদাতার পরিচয় দিলেন। এবার জানাচ্ছেন, সে কোথায় কুমন্ত্রণা দেয়।
মানুষের অন্তরে!
তাফসিরে সা'দিতে এসেছে, শয়তান মানুষের কাছে মন্দ কাজকে সুন্দর করে দেখায়, আর ভালো কাজকে অনাকর্ষণীয় করে তোলে।
কখনো সে আমাদের অন্যায়ের দিকে ডাকতে চায়। কখনো আল্লাহর আনুগত্য থেকে দূরে সরাতে চায়।
আমরা হয়তো বাইরের বিপদ সম্পর্কে সতর্ক থাকি। কিন্তু নিজের অন্তরে আসা এই ভুল চিন্তার ব্যাপারে কতটা সতর্ক থাকি?
এই আয়াত আমাদের শিখিয়ে দিচ্ছে যে, শুধু বাইরের আচরণ নয়, নিজের চিন্তা ও অন্তরকেও সঠিক পথে পরিচালিত করতে হবে। এগুলো করার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন।
৬ষ্ঠ আয়াত: কুমন্ত্রণা কি শুধু জিন শয়তানই দেয়?
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
অর্থ: জিন ও মানুষের মধ্য থেকে। (সূরা আন-নাস: ৬)
শেষ আয়াতে এসে আল্লাহ জানিয়ে দিলেন, কুমন্ত্রণার উৎস শুধু জিনদের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের মধ্য থেকেও কুমন্ত্রণাদাতা হতে পারে।
তাফসিরে সা'দিতে এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
কখনো কোনো মানুষ আমাদের পাপের দিকে আহ্বান করতে পারে, কখনো অন্যায়কে স্বাভাবিক করে দেখাতে পারে কিংবা ভালো কাজ থেকে নিরুৎসাহিত করতে পারে। মানুষদের ফুসলানিতে আমরা ভুল পথে যেতে রেডি হয়ে যেতে পারি!
তাই সতর্কতা শুধু অদৃশ্য শয়তানের ব্যাপারে নয়, মানুষের ক্ষতিকর প্ররোচনার ব্যাপারেও প্রয়োজন।
এখানে একটি সুন্দর মিল লক্ষ করুন!
সূরা নাস শুরু হয়েছিল ‘মানুষের রব’ দিয়ে। আর শেষ হলো জিন ও ‘মানুষের’ মধ্য থেকে আসা কুমন্ত্রণার কথা বলে।
অর্থাৎ যে মানুষ অন্যের জন্য অনিষ্টের কারণ হতে পারে, সেও আল্লাহর কর্তৃত্বের অধীন।
তাই আশ্রয়ের জন্য আমাদের ফিরে যেতে হবে মানুষের সেই মহান রবের কাছেই! আর আল্লাহর সাহায্য থাকলে এগুলো অনিষ্ট থেকে কোন ভয় নেই!
এক নজরে আয়াতগুলোর ধারাবাহিকতা
সূরা আল-ফালাক (১–৫)
(১) আশ্রয় চাইব কার কাছে? প্রভাতের রবের কাছে → (২) কী থেকে? সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে → (৩) বিশেষ করে অন্ধকারে আসা অনিষ্ট থেকে → (৪) গোপন জাদুর ক্ষতি থেকে → (৫) এমনকি মানুষের হিংসা থেকে আসা অনিষ্ট থেকেও।
সূরা আন-নাস (১–৬)
(১) আবার আশ্রয় মানুষের রবের কাছে → (২) যিনি মানুষের অধিপতি → (৩) এবং একমাত্র প্রকৃত উপাস্য → (৪) আশ্রয় চাই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে → (৫) যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় → (৬) আর এই কুমন্ত্রণা আসতে পারে জিন ও মানুষ উভয়ের মধ্য থেকেই।
দুই সূরার মূল সংযোগ: সূরা ফালাকে বাহ্যিক বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে আশ্রয় → আর সূরা নাসে আমাদের ভেতরের অন্তরকে বিপথগামী করার কুমন্ত্রণা থেকে আশ্রয় চাচ্ছি।
দুটি সূরা একসঙ্গে আমাদের শেখাচ্ছে, জীবনের বাইরের বিপদ যেমন বাস্তব, তেমনি অন্তরের ভেতরের পরিশুদ্ধি রক্ষা করাও বাস্তব। আর দুই এর জন্যেই আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট!
শেষ কথা
কুরআনের একেবারে শেষের দুটি সূরায় আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন একটি অসাধারণ অভ্যাস! বিপদের মুখোমুখি হলে তাঁর কাছে আশ্রয় চাওয়া।
আমরা জানি না আগামীকাল আমাদের জীবনে কোন বিপদ আসবে, কে আমাদের ক্ষতি করতে চাইবে কিংবা কোন প্রলোভন আমাদের অন্তরকে দুর্বল করে দেবে।
কিন্তু আমরা জানি, আমাদের একজন রব আছেন!
যিনি রাতের অন্ধকার ভেদ করে প্রভাত নিয়ে আসেন, তিনিই আমাদের অন্তরকেও সঠিক পথের আলোয় পরিচালিত করতে পারেন।
তাই আসুন, সূরা ফালাক ও সূরা নাস শুধু মুখস্থ তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রাখি! আসুন এগুলোর অর্থ বুঝে আল্লাহর কাছে আশ্রয় চাই। আসুন নিজেদের জীবনে শান্তি নিয়ে আসি!
আল্লাহ আমাদের দৃশ্যমান ও অদৃশ্যমান সমস্ত অনিষ্ট থেকে নিরাপদ রাখুন। আমাদের অন্তরকে হিংসা, কুমন্ত্রণা ও শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। আমিন।
তথ্যসূত্র
১. আল-কুরআনুল কারিম: সূরা আল-ফালাক, ১–৫ এবং সূরা আন-নাস, ১–৬।
২. তাফসির ইবনে কাসির (تفسير القرآن العظيم): সূরা আল-ফালাক, ১–৫ এবং সূরা আন-নাস, ১–৬।
৩. তাফসির আত-তাবারি (جامع البيان): সূরা আল-ফালাক এবং সূরা আন-নাস।
৪. তাফসির আস-সা'দী (تيسير الكريم الرحمن): সূরা আল-ফালাক, ১–৫ এবং সূরা আন-নাস, ১–৬।
৫. সহিহ মুসলিম, হাদিস ৮১৪এ: সূরা ফালাক ও সূরা নাসের বিশেষ মর্যাদা। হাদিস।
৬. সহিহ বুখারি, হাদিস ৫০১৭: ঘুমানোর আগে সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে শরীরে মাসেহ করার সুন্নাহ। হাদিস।
মন্তব্য
আরও পড়ুন
সূরা আল-ফাতিহা নোট
সূরা আল-ফাতিহার সাতটি আয়াতের সহজ ব্যাখ্যা — রবের দয়া, প্রতিপালন ও বিচার দিবসের মালিকানা, আর সরল পথের দোয়া; সাথে আয়াতগুলোর ধারাবাহিকতা ও পরের সূরার সাথে সম্পর্ক।
MD MAYEEN UDDIN👁 ১সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস নোট
সূরা আল-লাহাব ও সূরা আল-ইখলাস: নবীজির ﷺ চাচা আবু লাহাবের পরিণতি থেকে শিক্ষা, আর তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত ও পূর্ণ ঘোষণা — আয়াত ধরে ধরে আলোচনা।
MD MAYEEN UDDIN👁 ৯দারসুল কুরআন: সূরা লুকমান, দ্বিতীয় রুকু (আয়াত ১২–১৯)
লুকমান হাকীমের তাঁর পুত্রকে দেওয়া উপদেশ — আকীদা, নামাজ, সৎ কাজের আদেশ, ধৈর্য ও সামাজিক শিষ্টাচার: আয়াত, অনুবাদ, সূরা পরিচিতি, ব্যাখ্যা ও শিক্ষা।
MD MAYEEN UDDIN👁 ১সূরা আল-মুলক নোট (আয়াত ১–১০)
সূরা আল-মুলকের প্রথম ১০ আয়াত: সবকিছুর মালিক কে, জীবন-মৃত্যু সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টির নিখুঁততা আর অস্বীকারকারীদের পরিণতি — আয়াত ধরে ধরে আলোচনা ও রিভিশন।
MD MAYEEN UDDIN👁 ০